বাশারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সামরিক সহায়তা চাইলে সাড়া দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। বিবিসি রেডিওর সঙ্গে কথা বলার সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক মত দেন।
বরিস জনসন বলেন, রাসায়নিক অস্ত্র ব্যবহারের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাশার আল-আসাদের বিরুদ্ধে সামরিক সহায়তা চাইলে সে অনুরোধ প্রত্যাখ্যান করা যুক্তরাজ্যের জন্য কঠিন হবে।
সিরিয়ার খান শেইকুন শহরে ৪ এপ্রিল কথিত ‘গ্যাস হামলায়’ শিশুসহ ৮৭ জন নিহত হয়।
বিবিসিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাশার সরকারের কার্যক্রমের কারণে যুক্তরাষ্ট্র যদি আবারও বাধ্য হয়...এবং তারা যদি সহায়তা চায়, তাহলে ‘না’ বলাটা কঠিন হবে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দেন, যৌথ সামরিক অভিযানের ব্যাপারে এমপিদের ভোটের সুযোগ দেওয়াই হবে তা নয়।
তবে বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন বলেছেন, যুক্তরাষ্ট্র সহায়তার অনুরোধ করলে তিনি জাতি–সংঘকে হস্তক্ষেপ করতে বলতেন। তিনি বলেন, ‘আরও বোমা ফেলে কী লাভ হবে, তা বুঝতে পারছি না।’ তিনি সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেছিলেন।
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরে গ্যাস হামলায় বেসামরিক লোকের মৃত্যুর পর যুক্তরাষ্ট্র দেশটির এক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
বরিস জনসন বলেন, বাশার আল-আসাদ এমন অস্ত্র দিয়ে তাঁর নিজের জনগণের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছেন, যা প্রায় ১০০ বছর আগে নিষিদ্ধ করা হয়েছে। হামলার জন্য পার্লামেন্টের অনুমতি চাওয়ার প্রয়োজন কি না, এ প্রশ্নের জবাবে জনসন বলেন, ‘আমার মনে হয় এটা খতিয়ে দেখতে হবে।’