সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার চলতি মাসের শুরুর দিকে রাসায়নিক হামলা চালিয়ে থাকতে পারে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। আগামী ৩ জুন সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণার পর এই অভিযোগ এল।
হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনি গত সোমবার বলেন, ‘সিরিয়ায় চলতি মাসে শিল্পকারখানার রাসায়নিকের ব্যবহারের ইঙ্গিত আমাদের কাছে রয়েছে। সম্ভবত এটা ক্লোরিন গ্যাস। সরকারবিরোধীদের দখলে থাকা কাফর জিতা এলাকায় (হামা প্রদেশের অংশ) এ গ্যাস ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় সরকারের সম্পৃক্ততার অভিযোগ আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি।’
এর আগে গত রোববার ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও একই ধরনের অভিযোগ তোলেন। তিনি বলেন, বাশার এখনো রাসায়নিক অস্ত্র ব্যবহার করছেন—এমন ‘তথ্য’ তাঁদের কাছে রয়েছে, যদিও তার কোনো প্রমাণ নেই।
কাফর জিতা এলাকায় ক্লোরিন গ্যাস ব্যবহারের অভিযোগ নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে। বাশার সরকার ও বিরোধীরা ওই ঘটনায় একে অন্যকে দুষছে।
এদিকে পার্লামেন্টের স্পিকার সোমবার ঘোষণা দেন, ৩ জুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। জাতিসংঘ বলেছে, নির্বাচনের উদ্যোগ সংঘাতের রাজনৈতিক সমাধানকে ঝুঁকিতে ফেলতে পারে। এএফপি।