বাশারের বিরুদ্ধে লড়াই করছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে সরাসরি লড়াই করছেন তিনি। গোলযোগপূর্ণ অন্যতম শহর আলেপ্পোয় কয়েক ডজন বিদ্রোহী যোদ্ধা তাঁর নির্দেশনায় লড়াই করছেন। তিনি জাতিগত কুর্দি। তবে কুর্দি যোদ্ধাদের সঙ্গে তাঁর শারীরিক গঠনের ঠিক মিল পাওয়া যায় না। এর কারণ, তিনি যে কুর্দি নারী! নাম এঙ্গিজেক (২৮)। শুধু এঙ্গিজেক নন, তাঁর মতো অনেক কুর্দি নারী বাশারের বিরুদ্ধে যুদ্ধ করছেন।যুদ্ধের ময়দানে কুর্দি নারীদের সরাসরি অংশগ্রহণের বিষয় অনেককে বিস্মিত করলেও এঙ্গিজেক কিন্তু বিস্মিত নন। এঙ্গিজেক বলেন, নারীরা মেশিনগান, কালশনিকভ রাইফেল এমনকি ট্যাংকও চালাতে পারেন। তাঁদের দক্ষতা পুরুষ সেনার চেয়ে কম নয়। তিনি আরও বলেন, ‘নারীরা আমাদের বিপ্লবের অন্যতম সহযাত্রী।’এঙ্গিজেক বলেন, নারী যোদ্ধারাও পুরুষদের মতোই সবকিছু করেন। পুরুষদের মতো প্রশিক্ষণ নেন ও যুদ্ধের ময়দানে তাঁদের সঙ্গে পাশাপাশি থেকে লড়াই করেন। ১৮ বছর বয়সী নারী যোদ্ধা মমতাজ জানান, এক বছর আগে লড়াইয়ে যোগ দিয়েছেন তিনি। তিনি এখানে ‘মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা’ পাচ্ছেন। চার সদস্যের পরিবার থেকে শুধু তিনিই যুদ্ধে যোগ দিয়েছেন। নিজের সিদ্ধান্তে অস্ত্র হাতে নিয়েছেন তিনি।এঙ্গিজেক ও মমতাজের মতো যোদ্ধারা প্রোটেকশন অব দ্য কুর্দিস পিপল (ওয়াইপিজি) ব্রিগেডের হয়ে যুদ্ধ করছেন। এই ব্রিগেডে ২০ শতাংশ নারী যোদ্ধা সরাসরি লড়াই করছেন। ওয়াইপিজে সম্প্রতি সিরিয়ার সরকারবিরোধীদের সঙ্গে যোগ দিয়েছে। ওয়াইপিজে ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির (পিওয়াইডি) সামরিক শাখা। তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সিরিয়ার শাখা বলে বিবেচনা করা হয়।সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা দ্বিগুণ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল রোববার জানান, যুক্তরাষ্ট্র সিরিয়ার বিদ্রোহীদের প্রতি সহায়তা দ্বিগুণ করতে যাচ্ছে। বিদ্রোহীদের নতুন করে ১২ কোটি তিন লাখ ডলার সহায়তা দেওয়া হবে।পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই ঘোষণা দেন কেরি। সিরিয়ার বিরোধীদের কীভাবে সহায়তা করা যায়, এ ব্যাপারে আলোচনা করতে তুরস্কে ওই বৈঠকের আয়োজন করা হয়।দুই বছরেরও বেশি সময় ধরে সিরিয়ায় বাশারবিরোধী লড়াই চলছে। জাতিসংঘের তথ্যমতে, এই লড়াইয়ে ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এএফপি ও নিউইয়র্ক টাইমস।