সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে গতকাল বুধবার বৈঠক করেছেন জাতিসংঘ ও আরব লিগের শান্তিদূত লাখদার ব্রাহিমি। সংকট নিরসনে সিরিয়ার সব পক্ষকে আলোচনার টেবিলে বসানোর উদ্দেশে ব্রাহিমির দামেস্ক সফরের তৃতীয় দিনে এই বৈঠক হলো।
এদিকে প্রেসিডেন্ট বাশারের পদত্যাগের বিষয়ে পশ্চিমা ও আরবদের দাবি প্রত্যাখ্যান করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম।
সিরীয় সংকটের রাজনৈতিক সমাধানের লক্ষ্যে জেনেভা শান্তি সম্মেলন সামনে রেখে শান্তিদূত ব্রাহিমি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর করছেন। এর মধ্যে সিরিয়া সফরকে তাঁর জন্য সবচেয়ে স্পর্শকাতর বলে মনে করা হচ্ছে। কারণ, শান্তি সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে বাশার সরকারের পাশাপাশি ক্রমবর্ধমানভাবে বিভক্তির পথে ধাবিত হওয়া বিরোধী পক্ষকে রাজি করানো ব্রাহিমির জন্য বিরাট একটা চ্যালেঞ্জ।
ব্রাহিমি গতকাল বাশারের সঙ্গে যে বৈঠক করেন, তা এক ঘণ্টারও কম সময় চলে। বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে আলোচনা শুরুর আগে সরকারের পক্ষ থেকে বাশারের পদত্যাগের বিষয়ে পশ্চিমা ও আরবদের দাবি প্রত্যাখ্যান করা হয়।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম প্রস্তাবিত জেনেভা সম্মেলনের প্রসঙ্গ উল্লেখ করে বৈঠকের আগে ব্রাহিমিকে বলেন, ‘দেশের জনগণের অধিকারের বিষয়টি মাথায় রেখে দ্বিতীয় জেনেভা সম্মেলনে অংশ নেবে সিরিয়া। রাজনৈতিক ভবিষ্যৎ বেছে নেওয়া, নিজেদের নেতাদের বেছে নেওয়া এবং সব ধরনের বাইরের হস্তক্ষেপ প্রত্যাখ্যান করার অধিকার সিরিয়ার জনগণের রয়েছে।’
সিরিয়ার বার্তা সংস্থা সানার খবরে বলা হয়েছে, মুয়াল্লেমের সঙ্গে বৈঠকে দূত ব্রাহিমি বলেছেন, জেনেভায় আলোচনা হবে সিরিয়ার বিভিন্ন পক্ষের মধ্যে এবং কেবল সিরীয়রাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি বলেছেন, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে এবং সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রাখার বিষয়ে সমঝোতা হয়েছে।
তবে সিরিয়ার বিদ্রোহীদের প্রধান জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন জানিয়েছে, প্রেসিডেন্ট বাশারের পদত্যাগের বিষয়টি আলোচনার টেবিলে না আনা পর্যন্ত তারা কোনো সংলাপে বসবে না।
অবরুদ্ধ ৫০০ মানুষ মুক্ত: দামেস্কের কাছের অবরুদ্ধ এলাকা মোয়াদামিয়েদ আল-শাম থেকে রেডক্রিসেন্টের সহায়তায় নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিসহ মোট ৫০০ বিপন্ন মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনী প্রায় এক বছর ধরে এলাকাটি অবরুদ্ধ করে রেখেছে। অবরোধের কারণে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী না পৌঁছানোয় বিশেষ করে সেখানকার শিশুরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি কর্তৃপক্ষ বলেছে, এখন থেকে ওই এলাকায় যারা রয়ে গেল, তারা বিদ্রোহী এবং তাদের নিরাপত্তা সরকারের দায়িত্ব নয়।
এদিকে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর এজ্জরে পোলিও রোগের প্রাদুর্ভাব ঘটার খবর নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যুদ্ধের কারণে টিকাদান কর্মসূচি বন্ধ থাকায় এটি ঘটেছে। এএফপি।