সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবার তাঁর অন্যতম মিত্র রাশিয়ার সমালোচনার মুখে পড়েছেন। গতকাল বৃহস্পতিবার মস্কো বলেছে, প্রেসিডেন্ট বাশার আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। এটা শান্তি আলোচনার পরিবেশকে ঝুঁকির মুখে ফেলবে।
সিরিয়ায় আড়াই বছরের বেশি সময় ধরে সহিংসতা চলছে। সহিংসতা বন্ধে সরকার ও বিরোধী পক্ষগুলোর মধ্যে জেনেভায় শান্তি আলোচনার আয়োজন চলছে। বিরোধী পক্ষ ও তাদের মিত্র পশ্চিমা দেশগুলো প্রেসিডেন্ট বাশারের পদত্যাগ চাইছে। কিন্তু বাশার আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে অনড়।
সিরিয়ায় সহিংসতা শুরুর পর থেকে বাশার অন্যতম মিত্র হিসেবে কাছে পেয়েছে রাশিয়াকে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ বলেন, ‘শান্তি আলোচনা শুরুর আগে কোনো পক্ষের এমন কথা বলা উচিত নয়, যাতে শান্তি-প্রক্রিয়া ঝুঁকির মুখে পড়তে পারে। আমরা আশা করব, কোনো পক্ষ এমন কোনো বিবৃতি দেবে না, যাতে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।’ রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী মাসে সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়ার দুই পক্ষের শান্তি আলোচনায় বসার কথা।
সিরিয়ায় ১০টি বিমান পাঠিয়েছে রাশিয়া: সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজে বহুজাতিক অভিযানের অংশ হিসেবে ১০টি উড়োজাহাজ পাঠিয়েছে রাশিয়া। সিরিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আজামাত কুলমুখামেতভ এ কথা জানান। উড়োজাহাজগুলো সিরিয়ার লাতাকিয়ায় অবতরণ করেছে।
সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপনসের (ওপিসিডব্লিউ) পক্ষ থেকে জানানো হয়, সিরিয়া থেকে ধ্বংসের উদ্দেশ্যে রাসায়নিক অস্ত্র অন্য দেশে স্থানান্তর করতে রাশিয়া সহায়তা করবে। এএফপি।