বাসচালকের উন্মত্ততায় প্রাণ গেল নয়জনের আহত ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে। উন্মত্ত এক ব্যক্তি বাস নিয়ে রাস্তায় এলোমেলো চালানো শুরু করেন। এ সময় বাসচাপায় অন্তত নয়জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। গতকাল বুধবার সকালে পুনে-সোলাপুর সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় একটি বাস কোম্পানির একজন কর্মী গতকাল সকালে সরকারি একটি বাস ডিপোতে ঢুকে একটি বাস ছিনতাই করেন। পরে তিনি এ বাসটি নিয়ে রাস্তায় নেমে পড়েন। এ সময় রাস্তায় স্কুলগামী ছেলেমেয়ে ও অফিসগামী লোকজনের ছিল চরম ব্যস্ততা। পুনের পুলিশ কমিশনার মিরণ বরুঙ্কর বলেন, ‘তিনি (চালক) উন্মাদ হয়ে গিয়েছিলেন। রাস্তায় যে গাড়ি পেয়েছেন, তাই চাপা দিয়েছেন।’ মিরণ বলেন, ‘লোকজন এগিয়ে এসে রাস্তা থেকে শিশুদের সরিয়ে দেয়। তিনি ছিলেন খুবই বিপজ্জনক অবস্থায়। শেষ পর্যন্ত পুলিশ তাঁকে আটক করতে পারলেও ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’ স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমের একজন কর্মকর্তা জানান, আধা ঘণ্টার এ ধ্বংসযজ্ঞে নয়জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০টি গাড়ি। এর বেশির ভাগই ট্যাক্সি, ব্যক্তিগত গাড়ি ও সাইকেল। এ ছাড়া রাস্তার পাশে কিছু দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘তিনি (চালক) একজন উন্মাদ ব্যক্তি। তাঁর মাথায় কিচ্ছু নেই। তিনি অনেক ক্ষতি করেছেন।’ একজন প্রত্যক্ষদর্শী এনডিটিভি টেলিভিশনকে বলেন, ‘যেই তাঁকে থামাতে এসেছেন, তাঁকেই তিনি চাপা দিয়েছেন।’ আরেকজন বলেন, ‘আমি প্রাতর্ভ্রমণ করছিলাম। হঠাৎ গোলমালের শব্দ পাই। আমি দ্রুত ঝাঁপিয়ে পড়ে আত্মরক্ষা করি। এটা আমার দ্বিতীয় জীবন। আমি মরেই যেতাম।’ এএফপি।