বাস্তবের থামবেলিনা!
পাপড়িগুলো মেলে ফুলটি পুরোপুরি ফুটতেই ঘটে গেল এক অবাক কাণ্ড। ভেতরে বসে আছে একটি ফুটফুটে মেয়ে। একেবারে এইটুকু—বুড়ো আঙুলের সমান। তার নাম দেওয়া হলো থামবেলিনা।বিশ্বজুড়ে জনপ্রিয় রূপকথা ‘থামবেলিনা’য় এভাবেই আবিষ্কৃত হয় সেই আদুরে মেয়েটি। ব্রিটেনের ২২ মাস বয়সী শিশু অ্যাবি কিং যেন আরেকটি থামবেলিনা।দুই বছর পূর্ণ হতে মাত্র দুই মাস বাকি থাকলেও অ্যাবিকে দেখায় ছয় মাসের শিশুর মতো। মাত্র ১৪ পাউন্ড তার ওজন। হওয়ার কথা এর দ্বিগুণ। বড়সড় যে পুতুলটি নিয়ে অ্যাবি খেলে, উচ্চতায় এর চেয়ে সামান্য বড় সে। বিরল এক জেনেটিক সমস্যায় ভুগছে অ্যাবি। এটি রাসেল-সিলভার সিনড্রোম নামে পরিচিত। এই সমস্যা মানুষের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, বিশ্বে প্রতি এক লাখে একজন শিশু এই সমস্যায় ভুগে থাকে। তবে অন্য সব স্বাভাবিক শিশুর মতোই অ্যাবি কথা বলে, হাসে, অভিমান করে ও খেলে বেড়ায়।ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব কেন্ট কাউন্টিতে মা-বাবার সঙ্গে থাকে অ্যাবি। তার মা এমা স্মিথ (২৯) বলেন, ‘যখন দেখলাম, অ্যাবি ঠিকমতো বাড়ছে না, তখন বেশ ঘাবড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম, মেয়েটির স্বাভাবিক জীবন হবে না। কিন্তু এখন সে স্বাধীনভাবে চলতে পারে। অ্যাবির বয়সী অন্য সব শিশু যেসব সমস্যায় ভোগে, তারও একই ধরনের সমস্যা হয়। তবে ও একটু চটপটে বলে এসব সমস্যা অন্যদের চেয়ে ভালোই সামলে উঠতে পারে।’২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি অ্যাবির জন্ম। তখন তার উচ্চতা ছিল মাত্র ৪০ সেন্টিমিটার (১৬ ইঞ্চি)। ওজন ছিল চার পাউন্ড। এত ছোট মেয়েকে দেখে বাবা ডেভিড কিং মোটেও হতাশ হননি। বরং উৎফুল্ল কণ্ঠে স্ত্রীকে বলেন, ‘ও খুব সুন্দর হয়েছে। ছোট্ট, তবে দারুণ!’চিকিৎসকের বরাত দিয়ে অভিভাবকেরা জানান, অ্যাবির ক্ষেত্রে অন্য সব মানুষের মতো গড় আয়ু আশা করা যায়। চার বছর থেকে তাকে হরমোনের চিকিৎসা দেওয়া হবে। এতে কাজ হলে পূর্ণ বয়স্ক হতে হতে ওর উচ্চতা চারফুট ছাড়াতে পারে। ডেইলি মেইল অনলাইন।