বাহরাইনের মতো কর্তৃত্ববাদী রাষ্ট্রে অস্ত্র বিক্রির ক্ষেত্রে যুক্তরাজ্যের আরও সতর্ক হওয়া উচিত বলে দেশটির পার্লামেন্টের এক কমিটির প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-এর প্রতিবেদনে গতকাল শুক্রবার এ কথা জানানো হয়েছে। আরব বিশ্বে ছড়িয়ে পড়া গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট ও পরিস্থিতি বিবেচনা করে পার্লামেন্টারি কমিটি অস্ত্র বিক্রির ক্ষেত্রে এ সতর্ক হওয়ার আহ্বান জানায়। গার্ডিয়ান-এর প্রতিবেদনে জানানো হয়, পার্লামেন্টের হাউজ অব কমন্সের সিলেক্ট কমিটি অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণব্যবস্থা পুনর্বিশ্লেষণের আবেদন জানায়। তা ছাড়া ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরও (এফসিও)ও ‘আরব বসন্ত’ জাগরণ ছড়িয়ে পড়া আরব দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ার পেছনে আর্জেন্টিনার কাছে যুক্তরাজ্যের বিক্রি করা অস্ত্রের সংশ্লিষ্টতা থাকায় এফসিও এ উদ্বেগ প্রকাশ করে বলে গার্ডিয়ান-এর প্রতিবেদনে জানানো হয়েছে। সিলেক্ট কমিটির চেয়ারম্যান জন স্ট্যানলে জানান, ব্রিটিশ সরকারের অস্ত্র রপ্তানির ক্ষেত্রে পরিস্থিতি আরও কঠোরভাবে বিচার-বিবেচনা ও বিশ্লেষণ করা দরকার।বাহরাইনের কাছে অস্ত্র বিক্রির জন্য যুক্তরাজ্য প্রায় এক শ অস্ত্র কোম্পানিকে অনুমতিপত্র দেয়। এর ভিত্তিতে কোম্পানিগুলো দেশটির কাছে রাইফেল, শটগান, পিস্তল ইত্যাদি বিক্রি করে। এএফপি।