বাহরাইনে পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে গণতন্ত্রের দাবিতে আন্দোলন চলাকালে তিন ব্যক্তিকে হত্যার দায়ে পুলিশের তিন সদস্যকে অভিযুক্ত করা হয়েছে।দেশটির তথ্যবিষয়ক কর্তৃপক্ষ (আইএএ) জানায়, হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলে ওই তিনজনের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এই মামলার বিচারকাজ আগামী ১০ জুলাই শুরু হবে। মানবাধিকারবিষয়ক একটি সংস্থা জানায়, আলী আহমেদ আবদুল্লাহ, ইসা আবদুল হামান ও হানি আবদুল আজিজ নামের তিন ব্যক্তিকে গুলি করে গত বছর হত্যা করা হয়েছিল। তাঁদের খুব কাছে থেকে গুলি করা হয়েছিল বলে ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়। আইএএ জানায়, হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপর এক পুলিশ সদস্যকে তাঁর অনুপস্থিতিতে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি একজন বিক্ষোভকারীকে গুলি করেছিলেন। বাহরাইনের বিচার মন্ত্রণালয় জানায়, ২০১১ সালের ফেব্রুয়ারি ও মার্চে গণবিক্ষোভের সময় নিহতদের পরিবারগুলোকে ২৬ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে। বাহরাইনের স্বাধীন তদন্ত কমিশন জানায়, গত বছরের ওই আন্দোলনে অন্তত ৩৫ জন নিহত হয়েছিল। বিবিসি।