বাহরাইনে বিক্ষোভকারীদের হটিয়ে দিয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরাইনের পুলিশ গতকাল বুধবার রাজধানী মানামার পার্ল স্কয়ার থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচজন বিক্ষোভকারী নিহত হয়। দেশটিতে সেনা ও পুলিশ পাঠানোর জন্য সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ও লেবাননের সশস্ত্র শিয়া মুসলিম রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ।গতকাল পার্ল স্কয়ারে অভিযান চালায় শত শত পুলিশ। অভিযানে ট্যাংক ও হেলিকপ্টার ব্যবহার করা হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বেধে যায়। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। বিক্ষোভকারীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে এবং রাস্তার ওপর টায়ার পোড়ায়। এ সময় পুরো পার্ল স্কয়ার ধোঁয়ায় ছেয়ে যায়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পুরো স্কয়ার নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে আসে।বিরোধীদের রাজনৈতিক দল আল-ওয়েফাক মুভমেন্টের উপপ্রধান এবং পার্লামেন্টের সদস্য খলিল মারকোউক বলেন, ‘আমরা এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ছাড়া আরও প্রায় ২০০ জন আহত হয়েছেন।’সুন্নি রাজতন্ত্রের অবসান ও নির্বাচিত সরকার গঠনের দাবিতে শিয়ারা এক মাস ধরে বিক্ষোভ করছে। এত দিন ধরে বিক্ষোভকারীরা পার্ল স্কয়ার দখলে রেখে সেখানে অবস্থান করছিল। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি ২০০ বছরের বেশি সময় ধরে শাসন করছে সুন্নি রাজপরিবার। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সফল অভ্যুত্থানে অনুপ্রাণিত হয়ে বাহরাইনেও বিক্ষোভ শুরু করে শিয়ারা। বিক্ষোভ দমনে সহযোগিতার জন্য গত রোববার বাহরাইনে সহস্রাধিক সেনা পাঠায় সৌদি আরব। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫০০ সেনা পাঠিয়েছে। সৌদি আরব জানায়, গাল্ফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) বাহিনীর অংশ হিসেবে বাহরাইনের রাষ্ট্রীয় স্থাপনা রক্ষায় তারা ওই সেনা পাঠিয়েছে। এএফপি ও রয়টার্স।