বাহরাইনে বিরোধীদের দাবির মুখে সেনা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদের দাবির মুখে অবশেষে বাহরাইনের রাজধানী মানামার পার্ল স্কয়ার থেকে গতকাল শনিবার সেনা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু সেনাবাহিনী সরে যাওয়ার পরপরই ওই স্কয়ার ফের দখলে নেয় বিক্ষোভকারীরা। তবে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বিক্ষোভের আগুনে পুড়তে শুরু করা আরেক দেশ লিবিয়ায় গতকাল অনেকটা শান্ত পরিবেশ বিরাজ করেছে। তবে এর আগের তিন দিনের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৮৪ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউমান রাইটস ওয়াচ দাবি করেছে। দেশটিতে এখনো ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে।ইয়েমেনের সানা বিশ্ববিদ্যালয়ে গতকাল সরকার-সমর্থকদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছে। । প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর সমর্থকেরা বিরোধীদের হটিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়েছে। ওদিকে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সেও গতকাল সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। সরকারের পদত্যাগের দাবিতে পূর্বঘোষিত এক সমাবেশে লোকজন জড়ো হতে চাইলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে পুলিশ রাস্তায় রাস্তায় টহল দিয়ে লোকজনকে বিক্ষোভস্থলে প্রবেশে বাধা দেয়। কর্মকর্তারা জানান, সংকট নিরসনে বাহরাইনের সব মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে যুবরাজ সালমানকে বিশেষ ক্ষমতা দিয়েছেন বাহরাইনের বাদশা হামাদ। শুক্রবার রাতে সালমানকে ডেকে তিনি জাতীয় সংলাপ আয়োজনেরও নির্দেশ দেন। এরপর বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে সালমান বলেন, ‘সংঘর্ষের পথ পরিহার করে আমাদের উচিত সংলাপে বসা।’কিন্তু শিয়া নেতা ইব্রাহিম মাত্তার বলেন, ‘আমরা মনে করি না, রাস্তায় সেনাবাহিনী রেখে কোনো আলোচনা ফলপ্রসূ হতে পারে। তা ছাড়া এ আলোচনায় বসার আগে কর্তৃপক্ষকে সাংবিধানিক রাজতন্ত্রের ধারণাও মেনে নিতে হবে।’ইব্রাহিম মাত্তার গত বৃহস্পতিবার পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন। তিনি আরও বলেন, এ দুটি শর্ত মেনে নিলেই আলোচনায় বসে একটি সাময়িক সরকার গঠন করা যেতে পারে। বিরোধীদের এ দাবির পরপরই সরকার পার্ল স্কয়ার থেকে সেনা প্রত্যাহার করে নেয়। বাহরাইনের মোট জনগোষ্ঠীর ৭০ শতাংশ শিয়া সম্প্রদায়ের। কিন্তু শাসন ক্ষমতায় রয়েছে সংখ্যালঘু সুন্নিরা। এদিকে প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের কর্মীদের বরাত দিয়ে হিউমান রাইটস ওয়াচ জানায়, লিবিয়ার বেনগাজি শহরে শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৫ জন নিহত হয়েছে। অন্যান্যশহরে নিহত হয়েছে আরও ৪৯ জন। এএফপি, রয়টার্স ও বিবিসি।