বাহরাইনে ব্যাপক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে ফর্মুলা ওয়ান গ্রাঁপ্রিঁ প্রতিযোগিতার (মোটর রেসিং) পূর্বমুহূর্তে গতকাল শনিবারও বিরোধী দলের ডাকে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ফর্মুলা ওয়ান প্রতিযোগিতা বন্ধের দাবিতে ১০ হাজারের বেশি মানুষ এই বিক্ষোভে অংশ নেয়। আজ রোববার এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভ সত্ত্বেও প্রতিযোগিতা যথাসময়েই শুরু হবে।শিয়া সম্প্রদায়ের হাজার হাজার জনতা গতকাল দেশটির বুদায়া মহাসড়কে বিক্ষোভ দেখান। এ সময় বিক্ষোভকারীরা ‘আমাদের রক্তের ওপর দিয়ে প্রতিযোগিতা কোরো না’ লেখা স্লোগানের ব্যানার বহন করে। এর আগে গত শুক্রবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ভয়াবহ সংঘর্ষ হয়। বাহরাইনে মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করে বিক্ষোভকারীরা এফ ওয়ান প্রতিযোগিতা বন্ধের দাবি জানান। এদিকে দাবি নাকচ করে দিয়ে বিশ্ব মোটর প্রতিযোগিতা নিয়ন্ত্রণ পরিষদ (এফআইএ) ও এফ ওয়ান ব্যবস্থাপনা পরিষদ (এফওএম) একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে, প্রতিযোগিতা আগের সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত শুক্রবার প্রতিযোগিতার অনুশীলনপর্ব অনুষ্ঠিত হয়েছে।বাহরাইনের সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ সালমান বিন হামাদ বিন ইসা আল-খলিফা বিবিসিকে জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও দর্শকেরা নিরাপদ থাকবেন। তিনি আরও বলেন, বিক্ষোভের পরে অল্প কিছু উগ্র বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত থাকবে। বার্তা সংস্থা এএফপি জানায়, বাইরাইনের সরকার ফর্মুলা ওয়ান প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যথেষ্ট তৎপর। প্রতিযোগিতাস্থলে যাওয়ার প্রতিটি মোড়ে নিরাপত্তা চৌকি (চেক পয়েন্ট) বসানো হয়েছে।গ্রেপ্তার: বাহরাইনে প্রধান বিরোধীদল আল-ওয়েফাক দাবি করেছে, চলতি মাসে ফর্মুলা ওয়ান প্রতিযোগিতাস্থলের আশপাশের গ্রাম থেকে প্রায় ১০০ ব্যক্তিকে আটক করা হয়েছে। উল্লেখ্য, দেশটির ক্ষমতায় থাকা সংখ্যালঘু সুন্নিরা মানবাধিকার লঙ্ঘন করছেন বলে দুই বছর ধরে অভিযোগ করে আসছেন দেশটির সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায়। বিবিসি।