বাহরাইনে মার্কিন অস্ত্র বিক্রি আবার শুরু
বাহরাইনে অস্ত্র বিক্রি আবার শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন পররাষ্ট্র বিভাগ জানিয়েছে, বাহরাইনে গণ-আন্দোলন দমনে সহায়ক কোনো উপকরণ সরবরাহ করা হবে না। এই অস্ত্র উপসাগরীয় দেশটির অভ্যন্তরীণ প্রতিরক্ষা সামর্থ্য বজায় রাখতে সাহায্য করবে।যুক্তরাষ্ট্র এফ-১৬ যুদ্ধবিমানের উন্নতমানের কয়েকটি ইঞ্জিনসহ একটি ফ্রিগেট (ছোট রণতরী) ও কোস্টগার্ডের কয়েকটি নৌযান বাহরাইনে পাঠাবে বলে ধারণা করা হচ্ছে। বাহরাইনে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের বিক্ষোভ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র গত বছরের ফেব্রুয়ারি থেকে দেশটিতে অস্ত্র বিক্রি বন্ধ রাখে। বাহরাইন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। দেশটিতে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর স্থাপন করা হয়েছে।ওয়াশিংটনে ওবামা প্রশাসনের কর্মকর্তারা বলেন, বাহরাইনে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনো রয়েছে। বাহরাইনে অস্ত্র বিক্রির সিদ্ধান্তের নিন্দা জানিয়ে মানবাধিকারকর্মীরা বলেন, এটি বাহরাইনে সংস্কারের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতির লঙ্ঘন। বিবিসি।