বাহরাইনে লাখো মানুষের সরকারবিরোধী বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে লাখো মানুষ নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা আটক রাজবন্দীদের মুক্তির দাবি করেছে। জুন মাসের পর থেকে এখন পর্যন্ত এটাই সরকার অনুমোদিত প্রথম কোনো বিক্ষোভের ঘটনা।শুক্রবারের ওই বিক্ষোভে অংশগ্রহণকারীরা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেয় ও কারাবন্দী নেতাদের ছবিসংবলিত পোস্টার বহন করে। বিক্ষোভকারীদের হাতে বাহরাইনের জাতীয় পতাকা এবং সরকারবিরোধী আন্দোলনের নেতা ও মানবাধিকারকর্মী নাবিল রাজাবের ছবিও শোভা পাচ্ছিল। বিক্ষোভকারীরা নাবিল রাজাবের মুক্তি দাবি করেছে। সরকারের বিরুদ্ধে তিনটি ‘অবৈধ’ বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অপরাধে দুই সপ্তাহ আগে রাজাবকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। রাজধানী মানামার পশ্চিমে একটি মহাসড়কের প্রায় তিন কিলোমিটার স্থানজুড়ে বিক্ষোভ চলাকালে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। বাহরাইনে পঞ্চম মার্কিন বহর অবস্থিত। ১৮ মাস আগে গণতন্ত্রের দাবিতে সুন্নিশাসিত দেশটিতে সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলমানদের সরকারবিরোধী আন্দোলন শুরুর পর রাজনৈতিক সংকট দেখা দেয়। বাহরাইন থেকে সংবাদদাতা রিম খালিফা টেলিভিশন চ্যানেল আল-জাজিরাকে বলেন, ‘যেহেতু আবারও বিক্ষোভ শুরু হয়েছে, তাই এটি পরিষ্কার, দেশটিতে বিশেষত এর শিয়া মুসলিম-অধ্যুষিত এলাকাগুলো শান্ত হয়নি।’ তিনি আরও বলেন, ‘প্রতিদিনই এই দ্বীপদেশের বিভিন্ন স্থানে উত্তেজনা দেখা দিচ্ছে।’সরকার জনপ্রিয় আরব বসন্তের ঢেউয়ে শুরু হওয়া এই বিক্ষোভকে উপদলীয় কোন্দলের ঘটনা বলে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। তবে বিক্ষোভকারীরা এ বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছে, তারা ক্ষমতাসীনদের বৈষম্যের শিকার।‘ডেমোক্রেটিক ফ্রিডম’-এর ব্যানারে দেশের বৃহত্তম রাজনৈতিক গোষ্ঠী আল-ওয়েফাকের নেতৃত্বে এই বিক্ষোভের আয়োজন করা হয়। গোষ্ঠীটির নেতৃত্বে যেকোনো ধরনের বিক্ষোভ গত জুন মাসে নিষিদ্ধের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিষেধাজ্ঞার পরও দেশের গ্রামাঞ্চলগুলোতে বিক্ষোভ চলতে থাকে। আল-জাজিরা।