বাহরাইনে সংঘর্ষে ১৮ জন আহত
বাহরাইনে শিয়া অধ্যুষিত কয়েকটি গ্রামে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে গত বৃহস্পতিবার ১৮ জন আহত হয়েছে। মানবাধিকারকর্মীরা এ কথা জানান।বাহরাইনের মানবাধিকার-বিষয়ক ইয়ুথ সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ মাসকাতি জানান, শিয়া অধ্যুষিত গ্রামগুলোতে বৃহস্পতিবার রাতভর বিক্ষোভ করা জনতার ওপর নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণ ও কাঁদানে গ্যাস নিক্ষেপে ১৮ ব্যক্তি আহত হয়েছে। গত রোববার সাখির এলাকায় গ্র্যান্ড প্রিক্সের (গাড়ি প্রতিযোগিতাবিশেষ) প্রশিক্ষণ শুরু হয়। ওই এলাকা থেকে কিছুটা দূরে অবস্থিত শিয়া গ্রামগুলোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের এ সংঘর্ষ হয়। দেশটিতে রাজনৈতিক সংস্কারের দাবিতে এ বিক্ষোভ চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা পেট্রলবোমা ছুড়লে নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, বোমা ও গুলি ছোড়ে। সাখিরগামী বেশ কয়েকটি সড়কে টায়ার জ্বালিয়ে ও অবরোধ করে বিক্ষোভ করে সংস্কারপন্থীরা। বিমানবন্দর থেকে সাখিরগামী সড়কগুলোতে পুলিশের গাড়ি থামানো হয়েছে। এএফপি।