বাহরাইনে সরকারবিরোধী বিক্ষোভ, সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে গত দুই দিনে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে সংঘর্ষে দুজন নিহত হয়েছে। গত সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষে এক শিয়া বিক্ষোভকারী নিহত হন। গতকাল মঙ্গলবার বিক্ষোভকারীর ওই লাশ দাফনের জন্য ফেরত নেওয়ার সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আরেক শিয়া নিহত হন। এ ঘটনায় শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিতে সুন্নিশাসিত সরকারের বিরুদ্ধে বিক্ষোভ আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এ ঘটনার পর শিয়া এমপিরা পার্লামেন্টে অংশগ্রহণ থেকে বিরত রয়েছেন। বিরোধীদলীয় শিয়া এমপি খলিল আল-মারজুক বার্তা সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভে নিহত এক ব্যক্তির লাশ ফেরত নেওয়ার জন্য বহু লোক সুলেইমানিয়া হাসপাতালের সামনে সমবেত হয়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ফাদেল সালমান নামে এক ব্যক্তি নিহত হন।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লাশ ফেরত নেওয়ার সময় কিছু মানুষের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রণালয় বলেছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তদন্ত চলছে। তদন্তে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।কর্মকর্তারা জানান, গত সোমবার রাতে রাজধানী মানামার পূর্বাঞ্চলীয় দিয়া গ্রামে শিয়াদের সরকারবিরোধী একটি বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় মুসাইমা আলী নামে এক যুবক গুরুতর আহত হন। পরে ওই রাতেই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া গতকাল অপর এক বিক্ষোভকারী নিহত হন। দুই বিক্ষোভকারী নিহত হওয়ার খবর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার রাজধানী মানামার পূর্ব, পশ্চিম ও উত্তরের শিয়া-অধ্যুষিত গ্রামগুলোতে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। একই সঙ্গে মানামা শহরের ঐতিহাসিক বালাদ আল-কাদিম কোয়ার্টারেও বিক্ষোভ হয়।পুলিশের এক কর্মকর্তা এএফপিকে জানান, বিক্ষোভের সময় কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটেনি। তবে কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রাজধানী অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার কর্মসূচির খবর ইন্টারনেটে প্রকাশ হওয়ার পর মানামাগামী মূল সড়কটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এর আগে তিউনিসিয়া ও মিসরে গণবিক্ষোভে সরকার পতনের ঘটনায় অনুপ্রাণিত হয়ে ফেসবুকের মাধ্যমে বাহরাইনে অভ্যুত্থানের ডাক দেওয়া হয়।ফেসবুকের একটি বার্তায় লেখা হয়, ‘মধ্যপ্রাচ্যে পরিবর্তনের সূচনা হয়েছে। কাজেই বাহরাইনের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আনার এখনই উপযুক্ত সময়। আর ১৪ ফেব্রুয়ারি ধ্বনিত হবে, জনতা সরকারের সংস্কার চায়।’ এএফপি ও রয়টার্স।