বাহরাইনে ৩১ জনের নাগরিকত্ব বাতিল
রাষ্ট্রীয় নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে গতকাল বুধবার ৩১ জন বিরোধী কর্মীর নাগরিকত্ব বাতিল করেছে বাহরাইন সরকার। এ ব্যাপারে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সংবিধানের নাগরিক আইনের ১০ অনুচ্ছেদে ‘জাতীয়তা পুনর্মূল্যায়নের’ কথা উল্লেখ রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আল খলিফা বলেন, বাকস্বাধীনতার অপব্যবহার আর সহ্য করা হবে না। নাগরিকত্ব বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে সাবেক এমপি জাওয়াদ ও জালাল ফাইরুজ রয়েছেন। তাঁরা নেতৃস্থানীয় শিয়া আন্দোলন আল-উইফাকের সদস্য। এ ছাড়া আল-হকের কারাবন্দী নেতার ছেলে আলি মুশাইমাও রয়েছেন। এর আগে বাহরাইন সরকার গত সপ্তাহে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। জাতিসংঘ বলেছে, এর ফলে দেশটির পরিস্থিতি ঘোলাটে হতে পারে। সংস্থাটি দ্রুত বাহরাইন সরকারের প্রতি এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।২০১১ সালের ফেব্রুয়ারি থেকে বাহরাইনের রাস্তায় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলিমদের প্রতি বৈষম্য এবং অধিকতর গণতন্ত্রের দাবিতে এ বিক্ষোভ করছে বিরোধীরা। সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৬০ জনের প্রাণহানি ঘটেছে। তবে বিরোধীরা বলেছে, এ সংখ্যা ৮০ জন। সংঘর্ষে হাজার হাজার মানুষ আহত হয়েছে। শত শত বিরোধী কর্মীকে আটক করেছে নিরাপত্তাকর্মীরা। বিবিসি।