বাহরাইনের বিক্ষোভকারীরা তাদের দাবিতে অনড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে বিক্ষোভকারীরা সরকারের পতন না হওয়া পর্যন্ত পার্ল স্কয়ার থেকে এক চুলও না নড়ার ঘোষণা দিয়েছে। দেশটির বাদশা বিরোধীদলীয় রাজনৈতিক বন্দীদের মুক্তি ও আলোচনার প্রস্তাব দেওয়া সত্ত্বেও এ ঘোষণা দেয় তারা।রাজধানী মানামার সড়কে সড়কে গণবিক্ষোভের পর শিয়া আন্দোলনকারীরা আবার গতকাল বুধবার পার্ল স্কয়ারে জড়ো হয়। তারা স্লোগান দিতে থাকে, ‘শিয়া-সুন্নি ভাই ভাই, আমরা এ দেশ ছাড়ব না’ ইত্যাদি। বিক্ষোভকারীরা জানিয়েছে, তাদের এখন একটাই দাবি, সরকারের পতন। ১৪ ফেব্রুয়ারি বিক্ষোভ শুরুর পর গত মঙ্গলবারই প্রথম দেশটির রাজনৈতিক নেতারা আনুষ্ঠানিকভাবে বিক্ষোভে যোগ দেন। তাঁরা সরকারের পদত্যাগ ও শাসনব্যবস্থার সংস্কারের দাবিতে বিক্ষোভে যোগ দেন। তিউনিসিয়া ও মিসরের পর বাহরাইনেও অনলাইন যোগাযোগের মাধ্যমে সরকার পতনের ডাক দেয় বিক্ষোভকারীরা।এদিকে গত মঙ্গলবার বাদশা হামাদ বিন ঈশা আল-খাইফ বলেন, ‘সরকারি চত্বর জাতীয় ইস্যুতে কোনো সংলাপ বিনিময়ের জন্য উপযুক্ত জায়গা না। আলোচনার জন্য টেবিলে আসুন।’ সরকারি সংবাদ সংস্থা বাদশার এ বিবৃতি প্রচার করে। এএফপি।