বাড়ি ফিরেছেন চেন গুয়াংচেংয়ের ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ভিন্নমতাবলম্বী চেন গুয়াংচেংয়ের বড় ভাই চেন গুয়াংফু পূর্বাঞ্চলীয় শানদং প্রদেশের দংশিগু এলাকায় অবস্থিত নিজ বাড়িতে ফিরেছেন। একজন আইনজীবী গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন। চেন গুয়াংফু স্বেচ্ছায় ফিরেছেন, নাকি তাঁকে জোর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। আইনজীবী দিং সিকুই বলেন, বেইজিংয়ে আটক ছেলে চেন কেগুইয়ের জন্য সাহায্য চাইতে চেন গুয়াংফু গোপনে সেখানে গিয়েছিলেন। দংশিগুর বাড়িতে চেন গুয়াংফুকে কড়া প্রহরার মধ্যে রাখা হয়েছিল। তিনি কয়েক দিন আগে সেখান থেকে পালিয়ে বেইজিংয়ে চলে গিয়েছিলেন। সেখানে তাঁর ছেলেকে গত এপ্রিল থেকে বন্দী রাখা হয়েছে। চেন কেগুইয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্থানীয় একজন সরকারি কর্মকর্তাকে হত্যার চেষ্টা করেছিলেন।চেন গুয়াংফুর ভাই চেন গুয়াংচেং গৃহবন্দী অবস্থা থেকে গত মাসে পালিয়ে বেইজিংয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে গিয়ে আশ্রয় প্রার্থনা করেন। তিনি চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রে যান। জনসংখ্যা নিয়ন্ত্রণে চীন সরকারের আরোপিত ‘এক সন্তান নীতি’র বিরোধিতা করে গুয়াংচেং সরকারের বিরাগভাজন হয়েছিলেন। মানবাধিকারকর্মীদের অভিযোগ, চেন গুয়াংচেংয়ের পরিবারের ওপর কর্তৃপক্ষের নিপীড়ন বেড়েছে। দংশিগুতে অন্তরীণ ওই পরিবারের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। এএফপি।