বাড়ি ফিরেছেন তাপস পাল
হাসপাতাল থেকে গতকাল শনিবার বাড়ি ফিরেছেন বেফাঁস মন্তব্য করে সমালোচিত ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ ও অভিনেতা তাপস পাল। এদিকে, তাঁর জন্মভিটা হুগলি জেলার চন্দননগরের নাগরিক মঞ্চ গতকাল তাঁর সাংসদ পদ বাতিলের দাবি জানিয়েছে।
পিঠে ব্যথা, উচ্চ রক্তচাপ ও জ্বর নিয়ে ৬ জুলাই কলকাতার একটি নামি হাসপাতালে ভর্তি হন তাপস পাল। গতকাল তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। হাসপাতাল ছাড়ার আগে চিকিত্সকেরা জানিয়েছেন, আপাতত তিনি আর বাড়ির বাইরে বের হতে পারবেন না। বাড়িতেই তাঁকে পুরোপুরি বিশ্রাম নিতে হবে। ফলে সংসদ অধিবেশনে তিনি আর যোগ দিতে পারছেন না। যদিও বেফাঁস মন্তব্যের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সংসদ অধিবেশনে যোগ দিতে নিষেধ করেছিলেন।
নিজের দলীয় কর্মীদের দিয়ে সিপিএমের নারী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ধর্ষণ করানোর হুমকি দিয়ে ফেঁসে যান তাপস পাল। নিজের জন্মস্থান হুগলির চন্দননগরে এবার তিনি তীব্র প্রতিবাদের মুখে পড়েছেন। গতকাল সন্ধ্যায় চন্দননগর সংযুক্ত নাগরিক মঞ্চের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় তাপস পালের কুরুচিকর বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়। একই সঙ্গে তাঁর সাংসদ পদ বাতিলের দাবি জানান তাঁরা। একই সঙ্গে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁকে শাস্তি প্রদানেরও দাবি ওঠে।