বাড়ি ফিরেছেন নেলসন ম্যান্ডেলা
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা গত বুধবার হাসপাতাল ছেড়েছেন। দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমার দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, ম্যান্ডেলা তাঁর জোহানেসবার্গের বাসভবনে ফিরেছেন। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বাসায় থেকে চিকিৎসা নেবেন।অসুস্থ হয়ে পড়লে ৮ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন ম্যান্ডেলা (৯৪)। সেখানে প্রথমে তাঁর ফুসফুসের সংক্রমণের চিকিৎসা করা হয়। পরে তাঁর পিত্তথলিতে অস্ত্রোপচার করে পাথর অপসারণ করা হয়।বড়দিনে ম্যান্ডেলাকে শুভেচ্ছা জানাতে তাঁর স্ত্রী গ্রাসা ম্যাশেল ও প্রেসিডেন্ট জ্যাকব জুমা হাসপাতালে গিয়েছিলেন। পরে জুমা বলেন, তাঁর শারীরিক অবস্থার উন্নতিতে চিকিৎসকেরা সন্তোষ প্রকাশ করেছেন। ম্যান্ডেলার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার আর কোনো কারণ নেই বলে চিকিৎসকেরা তাঁদের জানিয়েছেন।এর আগে ২০১১ সালে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ম্যান্ডেলাকে। চলতি বছর পেটের পীড়ার কারণে আরও একবার হাসপাতালে চিকিৎসা নেন তিনি। বর্ণবাদবিরোধী আন্দোলনের এই নেতা প্রায় ২৭ বছর কারাভোগ করেন। পরে তিনি ১৯৯০ সালে মুক্তি পান। ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা বলেন, ‘তাঁর দাদা এবারই সবচেয়ে বেশি দিন হাসপাতালে ছিলেন। বড়দিনে তাঁকে হাসপাতালে থাকতে হয়েছে। এ কারণে আমাদের উৎসব উদ্যাপন ম্লান হয়ে গেছে। কল্পনাও করিনি, বড়দিনে তিনি বাড়ি আসতে পারবেন না।’শারীরিকভাবে অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের এই নেতা। ম্যান্ডেলাই দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৯৪ সালে সাবেক প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্কের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ম্যান্ডেলা। এএফপি।