বাড়ি বসে কাজে উৎপাদনশীলতা কমে
গবেষণায় দেখা যায়, দীর্ঘ সময় কাজ করলেও কর্মীদের কাজের প্রতি মনোযোগ মহামারির আগের সময়ের তুলনায় ঠিক ছিল না। তাঁদের অতিরিক্ত সময় দিতে হয়েছে মিটিং করতে গিয়ে।
করোনা সংক্রমণ বাড়ার মুখে অনেক অফিস কর্তৃপক্ষই কর্মীদের বাড়িতে বসে কাজ করার সুযোগ দিয়েছিল। এখন তাঁদের অফিসে ডেকে পাঠানো শুরু হয়েছে।
গবেষকেরা মনে করছেন, শিগগিরই হয়তো মানুষ আবার আগের মতো অফিস করা শুরু করে দেবেন। তবে এখনো অনেক অফিসে হাইব্রিড ধরনে কার্যক্রম চলছে।
অর্থাৎ কিছু কর্মী বাড়িতে থেকে অফিস করার সুযোগ পাচ্ছেন। আবার কোথাও কিছুদিন বাসায় আর কিছুদিন অফিসে এসে কাজ করার সুযোগ রাখা হয়েছে। এতে পুরোপুরি বাড়ি বসে কাজের সুযোগ বন্ধ হয়ে গেছে। গবেষকেরা এখন বাড়িতে বসে কাজের উপযোগিতা খতিয়ে দেখতে শুরু করেছেন। ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট সম্প্রতি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, বাড়িতে বসে কাজের সুযোগ নিয়ে এর আগে কর্মী ও নিয়োগদাতাদের মধ্যে বেশ কিছু গবেষণা হয়েছে। তাতে দেখা গেছে, অফিসের বাইরে থেকে কাজ করলেও উৎপাদনশীলতা কমে না। তবে সাম্প্রতিক এক গবেষণা উল্টো তথ্য দিচ্ছে।
বিশেষজ্ঞরা বলেন, ঘরে বসে কাজের সময় খুব বেশি মিটিং করা উচিত নয়। করলেও তা সংক্ষেপে সারা উচিত।
সম্প্রতি এশিয়ার একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে ওয়ার্ক অ্যাট হোম বা বাড়িতে বসে কাজের মূল্যায়ন করা হয়। ওই প্রতিষ্ঠানে ১০ হাজারের মতো কর্মী কাজ করেন। ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২০ সালের আগস্টের তথ্য বিশ্লেষণ করে দেখা হয়। এ জন্য কর্মীর কম্পিউটারে একটি বিশেষ সফটওয়্যার চালু করে কর্তৃপক্ষ। এতে কর্মী কোন কোন অ্যাপ ব্যবহার করেন বা কোন ওয়েবসাইটে সক্রিয় থাকেন, তা পর্যবেক্ষণ করা হয়। এ ছাড়া কর্মী কি–বোর্ড নাকি মাউস ব্যবহার করছেন, তা–ও নজরে রাখা হয়।
গবেষণায় দেখা যায়, কর্মীরা বাড়িতে কাজ করলেও যথারীতি কঠোর পরিশ্রম করেছেন। মহামারি শুরুর পর আগের তুলনায় ৩০ শতাংশ বেশি সময় তাঁরা কাজ করেছেন। কিন্তু তাঁদের এই অতিরিক্ত প্রচেষ্টা প্রতিষ্ঠানের আউটপুট বা মোট ফলাফলের ক্ষেত্রে পরিলক্ষিত হয়নি। এ ক্ষেত্রে গবেষকেরা প্রতি ঘণ্টার আউটপুটকে উৎপাদনশীলতা নির্ণয়ের সঠিক পদ্ধতি হিসেবে বিবেচনা করেন। তাতে দেখা যায়, কাজের ক্ষেত্রে অতিরিক্তি সময় দেওয়ার পরও উৎপাদনশীলতা ২০ শতাংশ পর্যন্ত কমে গেছে।
উৎপাদনশীলতা কমার কারণও বের করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা দেখেছেন, বাড়িতে বসে কাজের সময় বিভিন্ন ধরনের অনলাইন মিটিংয়ে অধিক সময় নষ্ট হয়। এ ছাড়া মনোযোগ নষ্ট করে ফোনকল বা ই-মেইল।
গবেষণায় দেখা যায়, দীর্ঘ সময় কাজ করলেও কর্মীদের কাজের প্রতি মনোযোগ মহামারির আগের সময়ের তুলনায় ঠিক ছিল না। তাঁদের অতিরিক্ত সময় দিতে হয়েছে মিটিং করতে গিয়ে। এ ক্ষেত্রে বার্টলবির একটি সূত্র হচ্ছে: মিটিংয়ে ৮০ শতাংশ মানুষের ৮০ শতাংশ সময় অপচয় হয়। সাম্প্রতিক এই গবেষণা ওই সূত্রের ক্ষেত্রে যথেষ্ট প্রমাণ দেয়।
ইকোনমিস্ট বলছে, অতিরিক্তি মিটিং করার কারণ হচ্ছে, প্রতিষ্ঠানের ব্যবস্থাপকেরা কর্মীদের কাজের প্রতিশ্রুতি সম্পর্কে নিশ্চিত হতে না পেরে তাঁদের পরীক্ষা করার জন্য মিটিং চালিয়ে যান। আরেকটি কারণ হচ্ছে, ব্যবস্থাপকেরা অফিসে না থাকাকালে তাঁদের অস্তিত্ব বৈধ করার জন্য মিটিং ডাকেন। তবে অফিসের বাইরে থাকা কর্মীদের ব্যবস্থাপনায় অসুবিধা হলে মিটিংয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়। এ ছাড়া যখন কর্মীরা বাইরে থেকে কাজ করেন, তাঁদের মূল্যায়ন, প্রশিক্ষণে সময় দেওয়া হয় খুব কম।
এদিকে বাড়িতে বসে কাজ করলে কর্মীদের লাভের পরিমাণও কম থাকে। তাঁরা বাড়তি সময় কাজের জন্য বাড়তি বেতন পান না। তবে যাতায়াত খরচ কমে। কিন্তু অনেক সময় মিটিং করতে গিয়েই তাঁদের বাড়তি সময় চলে যায়। তবে সব প্রতিষ্ঠান এ ধরনের আচরণ করে না। কিছু কিছু প্রতিষ্ঠানে কর্মীদের দীর্ঘ সময় ধরে বাড়িতে কাজের ফলে উৎপাদনশীলতা বেড়ে যায়।
প্রশ্ন হচ্ছে, তাহলে কি প্রতিষ্ঠানগুলো পুরোপুরি বাড়ির কাজ বা হাইব্রিড কাজ বন্ধ করে দেবে? গবেষকেরা বলেন, তাঁদের গবেষণায় অংশ নেওয়া কর্মীদের অনেকেই কলেজ পর্যায়ে পড়াশোনা করেছেন। তাঁদের দায়িত্বের সঙ্গে নতুন সফটওয়্যার বা হার্ডওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি, পেশাদারদের সঙ্গে একত্রে কাজ করা, গ্রাহকসেবা উন্নয়নের মতো বিষয় যুক্ত ছিল। এ ধরনের কাজ দূরে বসে করলে উৎপাদনশীলতায় প্রভাব পড়তে পারে। কারণ, এতে সমন্বয়ের সমস্যা সৃষ্টি হতে পারে।
তবে গবেষণায় দেখা গেছে, বাড়িতে বসে কাজের মধ্যেই কর্মীরা অনেক বেশি আউটপুট দেওয়ার বিষয়টি অর্জন করে ফেলেন। তবে এ ক্ষেত্রে পিছিয়ে দেয় মিটিং করে বেশি সময় পার করে দেওয়ার বিষয়টি। এর সমাধানটাও সহজ। বিশেষজ্ঞরা বলেন, ঘরে বসে কাজের সময় খুব বেশি মিটিং করা উচিত নয়। করলেও তা সংক্ষেপে সারা উচিত।