বায়ুদূষণে ব্যবসা বেড়েছে বাতাসের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডার কোম্পানি ভাইটালিটি এভাবেই টিনের ক্যানে বিক্রি করছে বাতাস। ছবিটি কোম্পানির ওয়েবসাইট থেকে নেওয়া।
কানাডার কোম্পানি ভাইটালিটি এভাবেই টিনের ক্যানে বিক্রি করছে বাতাস। ছবিটি কোম্পানির ওয়েবসাইট থেকে নেওয়া।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বায়ুদূষণের তীব্রতা বেড়েছে। আর এই দূষণকে উপজীব্য করে ব্যবসা শুরু করেছেন বিভিন্ন উদ্যোক্তা। কোম্পানি খুলে তাঁরা শুরু করেছেন বোতল বা টিনের ক্যানজাত বাতাসের ব্যবসা। ধীরে ধীরে এ ব্যবসার জনপ্রিয়তাও বাড়ছে।

বায়ুমণ্ডলে ধোঁয়া ও ক্ষতিকর পদার্থের পরিমাণ দিনকে দিন বাড়ছে। ২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ বায়ুদূষণের কারণে মারা যাচ্ছে। বিশেষ করে চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ায় বায়ুদূষণের পরিমাণ বেশি। ২০১৬ সালে গ্লোবাল বারডেন অব ডিজিজ প্রজেক্ট এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে, শুধু চীন ও ভারতেই প্রায় ৩০ লাখ মানুষের মৃত্যু হয়।

আর এসব ঘটনাই উদ্যোক্তাদের বাতাসের ব্যবসায় আগ্রহী করেছে। কারণ, মানুষ এখন অর্থ খরচ করে হলেও বিশুদ্ধ বাতাস চায়। অনেকে আবার উপহার হিসেবেও কিনছেন এসব টিনজাত বাতাস। তবে এসব উদ্যোগের পেছনে ব্যবসায়িক উদ্দেশ্যের পাশাপাশি পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়ানোর ইচ্ছাও রয়েছে।

এমনই একটি কোম্পানি হলো ভাইটালিটি। কানাডার আলবার্তাভিত্তিক এই কোম্পানিটি সেখানকার পাহাড় এলাকা থেকে বাতাস সংগ্রহ করে কন্টেইনারে ভরে বিক্রি করে। আট লিটার বাতাসের একটি বোতলের দাম ৩২ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২ হাজার ৫৮০ টাকা। প্রতি বোতলে ১৬০ বার শ্বাস নেওয়ার মতো বাতাস থাকে।

কোম্পানির প্রধান নির্বাহী মোসেস লাম বলেন, প্রথম দিকে উপহার সামগ্রী হিসেবেই বেশি বিক্রি হতো বাতাস ভর্তি এসব ক্যান। ইদানীং এগুলোর চাহিদা বেশ বেড়ে গেছে। কোম্পানির মূল লক্ষ্য চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ার বাজার দখল করা। তিনি বলেন, ‘যেসব দেশের বাজারকে আমরা প্রাধান্য দিচ্ছি, সেখানে বায়ুদূষণের মাত্রা বেশি। সেখানকার অধিবাসীরা দূষিত বায়ুর কারণে প্রতিবছর মৃত্যুর মুখোমুখি হচ্ছেন। আমাদের সরবরাহ করা বাতাসে নতুন অভিজ্ঞতা পাবেন তাঁরা।’

এখন প্রতি মাসে চীনে ১০ হাজার বোতল বাতাস বিক্রি করছে ভাইটালিটি। এটি অচিরেই ৪০ হাজারে উন্নীত হবে বলে আশা করছে কোম্পানির বিপণন বিভাগ। অন্যদিকে ভারতে মাসিক ১০ হাজার বোতলের চাহিদা রয়েছে। বাতাস বিক্রির এই ব্যবসাকে ‘বৈধ’ দাবি করে মোসেস লাম বলেছেন, অচিরেই বোতলজাত পানির ব্যবসাতেও নামছে তাঁর কোম্পানি।

ভাইটালিটি একা নয়। বাতাসের ব্যবসায় আছে আরও অনেক কোম্পানি। এর মধ্যে অন্যতম যুক্তরাজ্যের ইদার। দেশটির গ্রামাঞ্চলের বাতাস সংগ্রহ করে বয়ামে ভরে বিক্রি করে এ প্রতিষ্ঠান। প্রতিটি বয়ামের দাম ১০৩ ডলার।

ইদারের প্রতিষ্ঠাতা লিও ডি ওয়াটস বলেন, বয়ামে বাতাস পুরতে ‘এয়ার ফ্রেমিং’ নামের একটি পদ্ধতি ব্যবহার করেন তাঁরা। ওয়াটস মনে করেন, বৈশ্বিক বায়ুদূষণের অবস্থা পরিসংখ্যান দিয়ে বোঝানো সম্ভব নয়। বায়ুদূষণের মাত্রা পরিমাপ করার পদ্ধতি জটিল হওয়ায় এটি শুধু সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না।

শুধু বাতাস বিক্রি করেই থেমে থাকেনি ইদার; সেখান থেকে পাওয়া লভ্যাংশ আবার বিনিয়োগ করা হচ্ছে বিশুদ্ধ বাতাস দেওয়া মাস্ক তৈরির প্রকল্পে।

তবে বিজ্ঞান বলছে, বোতলে ভরা এসব বাতাস ব্যবহারে তেমন কোনো উপকার নেই। কানাডিয়ান রেসপিরেটরি রিসার্চ নেটওয়ার্কের পরিচালক শন অ্যারন বলেন, ‘এতে বাড়তি কোনো সুবিধা পাওয়া যায় না। বোতলভর্তি শুদ্ধ বাতাস একটি ধাঁধা। এতে অর্থের অপচয় ছাড়া আর কিছু হচ্ছে না।’

সমালোচকেরা বাতাস বিক্রির ব্যবসাকে ‘ধাপ্পাবাজি’ বললেও উদ্যোক্তা লিও ডে ওয়াটসের উত্তর, বাতাস ভর্তি জার তাঁদের কাছেই পণ্য, যাঁরা বায়ুদূষণে কারণে ভুক্তভোগী। দূষণরোধী মাস্কও তৈরি করা হচ্ছে, এসব মানুষের কথা ভেবেই। যাঁরা কিনছেন, তাঁরা বুঝেশুনে ও প্রয়োজন বলেই কিনছেন।

বায়ুদূষণের কারণে বাতাসের পাশাপাশি মাস্কের ব্যবসাও বেড়ে গেছে। সম্প্রতি সুইডেনে এইরিনাম নামের একটি কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, যা মূলত উন্নত মানের মাস্ক তৈরির কাজ করবে। এই কোম্পানির তৈরি প্রতিটি মাস্কের দাম হবে ৬৬ থেকে ৭৫ ডলার। এতে থাকবে তিনটি আলাদা ছাঁকনি।

২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ৫৫ থেকে ৭০ লাখ মানুষ বায়ুদূষণের কারণে মারা যাচ্ছে। ছবি এএফপির।
২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ৫৫ থেকে ৭০ লাখ মানুষ বায়ুদূষণের কারণে মারা যাচ্ছে। ছবি এএফপির।

এদিকে নকশাদার মাস্ক তৈরির জন্যও নেমে পড়েছে অনেক প্রতিষ্ঠান। চীনের আইডিয়ালিস্ট ইনোভেশন, যুক্তরাষ্ট্রের ভগমাস্ক এবং যুক্তরাজ্যের ফ্রেকা’র মতো কিছু স্টার্টআপ শুধু মাস্কের নকশাই করছে। তাদের নকশা করা মাস্কের দাম হবে ৩৩ থেকে ১০০ ডলারের মধ্যে। এ ব্যাপারে ছোট পরিসরে কিছু গবেষণাও হয়েছে। এসবে বলা হচ্ছে, ভালো নকশার মাস্ক দূষণ ঠেকাতে বেশি কার্যকর।

তবে লন্ডনের কিংস কলেজের শিক্ষক বেঞ্জামিন ব্যারাট বলেন, ‘অনেক দিন ধরে মাস্ক ব্যবহার করলেই সুফল পাওয়া যায়। এমন নয় যে আজ পরলাম, কাল থেকেই উপকারে আসবে। এখন বিভিন্ন নকশার মাস্ক তৈরি হচ্ছে। এসব নকশার মধ্যেও ফাঁক আছে। কিছু কিছু ক্ষেত্রে নকশাকারেরা এমন সব দাবি করছেন, যা সত্যিই উদ্বেগজনক। সুতরাং এ ব্যাপারে পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে।’

বিবিসি অবলম্বনে অর্ণব সান্যাল