বায়ুদূষণের কণা মস্তিষ্কেও যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূষণের ফলে পরিবেশে যেসব অতি ক্ষুদ্র কণা ছড়ায়, সেগুলো মানুষের মস্তিষ্কেও ঢুকে পড়ে। নতুন এক গবেষণা বলছে, মস্তিষ্কের টিস্যুর ভেতরে এ রকম কিছু কণার নমুনা মিলেছে।
যুক্তরাজ্যের ল্যাংকাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, নতুন গবেষণাটি বায়ুদূষণের স্বাস্থ্যঝুঁকি নিয়ে বেশ কিছু প্রশ্ন জাগিয়ে তুলেছে। বিজ্ঞানীদের সন্দেহ, আয়রন অক্সাইডের মতো বিষাক্ত কণা আলঝেইমার বা স্মৃতিবিলোপ রোগের জন্য দায়ী।
ম্যাগনেটাইট নামের কণা বায়ুদূষণের ফলেই সৃষ্টি হয়। আর সেগুলো মস্তিষ্কে ঢোকে বলে প্রথমবারের মতো প্রমাণ হাজির করেছেন ল্যাংকাস্টার বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তাঁদের গবেষণা প্রতিবেদনটি প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
চলতি বছরের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) সতর্ক করে দিয়ে বলেছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর প্রায় ৩০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে।
ল্যাংকাস্টারের ওই গবেষকেরা তিন থেকে ৮৫ বছরের বয়সী ৩৭ জনের মস্তিষ্কের টিস্যুর নমুনা বিশ্লেষণ করেন। তাঁদের ২৯ জন মেক্সিকো সিটির বাসিন্দা ছিলেন এবং সেখানেই মারা যান। শহরটি দূষণের জন্য বিশেষভাবে পরিচিত। বাকি আটজন যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বাসিন্দা, বয়স ৬২ থেকে ৯২ বছরের মধ্যে।