বায়ুদূষণের জন্য শাস্তির মুখে যুক্তরাজ্য
লন্ডনের বাতাসের খারাপ মানের জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে মামলা ও জরিমানার সম্মুখীন হয়েছে যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিয়ম অনুযায়ী যুক্তরাজ্যে সারা বছর ‘মন্দ বায়ু’র দিন ৩৫-এর বেশি হতে পারবে না। অথচ চলতি বছরের প্রথম ছয় মাসেই বায়ুমণ্ডলে সূক্ষ্ম বস্তুকণার নিরাপদ মাত্রা ৩৬তম বারের মতো ভঙ্গ করেছে দেশটি।বছরের এখনো ছয় মাস থাকতেই ইইউর বেঁধে দেওয়া সীমা অতিক্রম করার বিষয়টি ব্রিটিশ সরকারকে বিব্রত করবে। বায়ুর মান উন্নয়নের জন্য মাত্র তিন সপ্তাহ আগে ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে সরকারকে চূড়ান্তভাবে সতর্ক করে দেওয়া হয়েছিল। আলোচ্য পরীক্ষাটির স্থান ছাড়াও কেন্দ্রীয় লন্ডনের আরও অনেক জায়গায় দূষণের হার গ্রহণযোগ্য মাত্রার শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তা সীমা অতিক্রম করে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।যানবাহন চলাচলজনিত দূষণ মোকাবিলাসংক্রান্ত নীতিমালা মেনে চলতে ২০১১ সাল পর্যন্ত সময় বাড়ানোর জন্য ইউরোপের কাছে আবেদন করেছে ব্রিটিশ সরকার। কিন্তু সময় বাড়ানো হবে কি না, তা নিশ্চিত নয়। কারণ ২০০৫ সাল থেকে ইইউর বায়ুর মানসংক্রান্ত আইনের প্রতি অবজ্ঞা দেখিয়ে আসছে ব্রিটেন। তা ছাড়া ইইউর পরিবেশবিষয়ক কমিশনার জানেজ পোটোকনিকের মতে, সমস্যার সমাধানেও যুক্তরাজ্য খুব সামান্যই চেষ্টা করেছে।পোটোকনিক এ প্রসঙ্গে বলেন, ‘বায়ুদূষণ স্বাস্থ্যের জন্য ভালো নয়। এটা মানুষের প্রত্যাশিত আয়ু গড়ে আট মাসেরও বেশি কমিয়ে দিচ্ছে। সবচেয়ে বেশি দূষিত শহর ও এলাকায় গড় আয়ু কমিয়ে দেয় দুই বছরেরও বেশি।’ইউরোপীয় পার্লামেন্টে লন্ডন থেকে নির্বাচিত লিবারেল ডেমোক্র্যাট দলীয় সাংসদ সারাহ লুডফোর্ড বলেন, সর্বশেষ এই সীমা লঙ্ঘনের ঘটনা লন্ডনের মেয়র ও সরকারের জন্য আরেকটি সতর্কসংকেত।যুক্তরাজ্যে বর্তমানে বায়ুদূষণকে অন্যতম বড় জনস্বাস্থ্যের ইস্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। হাউস অব কমন্সের পরিবেশবিষয়ক অডিট কমিটির সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে প্রতিবছর ৫০ হাজার মৃত্যুর কারণ হতে পারে বায়ুদূষণ। লন্ডনের মেয়র বরিস জনসনের উদ্যোগে করা এক সমীক্ষায় দেখা গেছে, প্রতিবছর এ মহানগরে বায়ুদূষণজনিত অসুস্থতায় চার হাজার ৩০০ জনেরও বেশি মানুষ মারা যায়।পরিবেশ, খাদ্য ও পল্লি অঞ্চলবিষয়ক দপ্তরের (ডেফরা) একজন মুখপাত্র বলেন, লন্ডনের মেয়র একটি খসড়া বায়ুর মান কৌশল ঘোষণা করেছেন, যাতে পিএম১০ ও নাইট্রোজেন ডাই-অক্সাইড নিঃসরণ কমাতে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার বিষয় রয়েছে। ওই মুখপাত্র বলেন, তাঁদের দৃঢ় বিশ্বাস, ২০১১ সালের মধ্যে লন্ডনে পিএম১০-এর গ্রহণযোগ্য সীমা মেনে চলা হবে। বিষয়টি তুলে ধরার জন্য ইউরোপীয় কমিশনের কাছে প্রমাণাদি উপস্থাপন করবে সরকার। গার্ডিয়ান।