বায়োনিক চোখে ফিরল দৃষ্টি

৮০ বছর বয়সী কোনো ব্যক্তির শরীরে এই প্রথম বায়োনিক বা কৃত্রিম চোখ স্থাপন করা হয়েছে। ফলে প্রায় স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন যুক্তরাজ্যের ওই প্রবীণ ব্যক্তি। বয়সের কারণে দৃষ্টিশক্তি আংশিকভাবে হারিয়েছিলেন তিনি। খবর এএফপি ও বিবিসির।
দৃষ্টি ফিরে পাওয়া প্রবীণ ব্যক্তিটির নাম রে ফ্লিন। তিনি অবসরপ্রাপ্ত একজন প্রকৌশলী। ম্যানচেস্টারের শল্যচিকিৎসকেরা তাঁর বায়োনিক চোখ স্থাপনে সাফল্যের খবর গত বুধবার এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন।
দেখার জন্য রে ফ্লিন একজোড়া বিশেষ চশমা ব্যবহার করছেন। এতে যুক্ত ক্ষুদ্র ক্যামেরায় ভিডিওচিত্র তোলা হয়। সেই ছবিগুলো ওই বায়োনিক চোখের মাধ্যমে রূপান্তরিত হয়ে তাঁর মস্তিষ্কে পৌঁছায়। এ প্রক্রিয়াতেই দেখতে পান ফ্লিন।
গত জুন মাসে চার ঘণ্টার অস্ত্রোপচারে ফ্লিনের কৃত্রিম চোখ স্থাপন করা হয়। এতে নেতৃত্ব দেন অধ্যাপক পাওলো স্ট্যানগা। কৃত্রিম চোখটি চলতি মাসের প্রথম দিকে সক্রিয় হয়েছে। অধ্যাপক স্ট্যানগা বলেন, ‘ফ্লিনের অগ্রগতি উল্লেখযোগ্য। তিনি বেশ ভালো দেখতে পাচ্ছেন।’
বয়সের কারণে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাওয়ার সমস্যা ম্যাকুলার ডিজেনারেশন (এএমডি) সারা বিশ্বেই রয়েছে। এটি উন্নয়নশীল দেশগুলোতে ৫০ বছরের বেশি বয়সী মানুষের অন্ধত্বের একটি বড় কারণ। সারা বিশ্বে এ ধরনের রোগীর সংখ্যা অন্তত তিন কোটি।
এএমডিতে আক্রান্ত রে ফ্লিন কৃত্রিম চোখ সংযোজনের ফলে এখন কম্পিউটারের পর্দার বিভিন্ন নির্দেশনা দেখতে পান। টিভি দেখতেও পারেন। এই পরিবর্তনে তিনি আনন্দিত। এখন তিনি স্বচ্ছন্দে বাগান করা ও দোকানে গিয়ে কেনাকাটার মতো দৈনন্দিন কাজ করতে পারবেন।