বিএলআরসি কানাডায় বাংলা সাহিত্যের নতুন সোপান
বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের অঙ্গন আলো করে কানাডাব্যাপী বিস্তৃত হয়ে আছেন অনেক নাম না জানা বাঙালি গুণীজন। তাঁরা বিভিন্ন বিষয় যেমন সমাজ, রাজনীতি, প্রশাসন, নারী অধিকার, অর্থনীতি, বিজ্ঞান, শিশুসাহিত্য এবং বাংলা সাহিত্যের ধ্রুপদি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অনেকের আছে প্রকাশিত কিন্তু কম প্রচারিত গ্রন্থ—তাঁদের কতজনকেই
আমরা চিনি?
এসব প্রতিভাবান লেখক ও সাহিত্যিকের কানাডার অভ্যন্তরে নির্দিষ্ট অবস্থান, কী বিষয় নিয়ে গবেষণা বা কাজ করছেন, তাঁদের প্রকাশিত গ্রন্থের সংখ্যা কত ইত্যাদি বিষয়ে এত দিন পর্যন্ত কোনো তথ্য ছিল না বললেই চলে। কানাডায় বাংলা সাহিত্যের এই শূন্য ভান্ডার সমৃদ্ধ করে অনেকটা অসম্ভবকে সম্ভব করেছেন প্রবাসী বাংলাভাষী কয়েকজন প্রতিভাধর কর্মীর সমন্বয়ে গঠিত কানাডার টরোন্টোভিত্তিক (কানাডা সরকার অনুমোদিত) বাংলা সাহিত্য ও গবেষণা প্রতিষ্ঠান বিএলআরসি বা বেঙ্গলি লিটারেরি রিসোর্স সেন্টার।
বাংলা নববর্ষ ১৪২৪-এর প্রথম দিনে তাঁরা ইতিমধ্যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কানাডাব্যাপী অবস্থানরত সব বাঙালি লেখকের সংক্ষিপ্ত জীবনতথ্যসংবলিত একটি অনলাইন জীবনতালিকা নির্মাণ করেছেন। অচিরেই এই তালিকা আরও সম্প্রসারিত করা হবে বলে সামাজিক মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের ঘোষণা থেকে জানা গেছে।
বিএলআরসি যাত্রা শুরু করে ২০১৫ সালের ৩১ মার্চ। প্রতিষ্ঠানটির মূল প্রতিপাদ্য হলো বাংলা সাহিত্যকে অনুবাদ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পাশ্চাত্যের সমাজের আবহে বিকশিত করা এবং স্থানীয় কানাডিয়ান ও কানাডিয়ান বাংলা সাহিত্যকে সব বাঙালি পাঠকের কাছে সহজলভ্য ও সহজবোধ্য করে তোলা। বিএলআরসি ইতিমধ্যে স্বাধীন বাংলা বেতারকেন্দ্র, সমসাময়িক ও ধ্রুপদি সাহিত্য, দর্শন ও জীবনদর্শন ইত্যাদি বিষয়ে ছয়টি বই প্রকাশ করেছে। গত ডিসেম্বরে প্রতিষ্ঠান বিপুল কলেবরের একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করেছে, যা কানাডাজুড়ে ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। মোট ৬৭ জন লেখকের রচনায় সমৃদ্ধ সেই সাহিত্য পত্রিকা কানাডীয় বাঙালি সমাজের প্রেক্ষাপটে একটি অনন্য উদ্যোগ কোনো সন্দেহ নেই।
সাহিত্য পত্রিকাটির পরবর্তী সংখ্যার কাজ এখন চলছে বলে জানা যায়। আরও কয়েকটি বই প্রকাশনাধীন আছে বলেও ধারণা করা যায়। উল্লেখ করা যেতে পারে, বই ও পত্রিকার লেখকদের সবাই কানাডাবাসী। বিএলআরসির উদ্যোগের আগে বোধ করি কারও জানাই ছিল না বিশাল কানাডার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত এমন বিপুলসংখ্যক বাঙালি লেখক ছড়িয়ে আছেন।
সূচনালগ্ন থেকে এখন পর্যন্ত বিএলআরসি মাতৃভাষা উৎসব, শুদ্ধভাবে বাংলা লেখা কর্মশালা, কানাডায় প্রথম বাঙালি লেখক সম্মেলন, বই প্রকাশনা উৎসব ইত্যাদি বহুমুখী কর্ম পরিচালনা করেছে। প্রকাশিত সংবাদ ও সামাজিক মাধ্যম থেকে ধারণা করা যায় যে বিএলআরসির সম্মানিত, নিবেদিতপ্রাণ উদ্যোক্তা ও পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন গুয়েল্ফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাখাল সরকার, লেখক সুব্রত কুমার দাস, মুক্তচিন্তক আকবর হোসেন, গবেষক সুজিত কুসুম পাল, সংস্কৃতিকর্মী সুব্রত সরকার, কবি শিউলি জাহান ও সংগঠক ফায়েজুল করিম।
কানাডার নতুন প্রজন্মের কাছে একটি নতুন ক্ষেত্র বাংলা ভাষা ও সাহিত্য বিকাশের যে প্রদীপ তাঁরা জ্বালিয়েছেন, তাঁদের এই অনুকরণীয় অনন্য মহতী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।