বিকৃত ভিডিও ফেসবুকে দেওয়ায় দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৃশংসভাবে ইঁদুর হত্যার ভিডিও ফেসবুকে প্রকাশ করায় অস্ট্রেলীয় এক যুবককে দণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার ব্রিসবেনের ম্যাজিস্ট্রেট আদালত এই দণ্ডাদেশ দেন। প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের দায়ে ২৫ বছরের যুবক ম্যাথিউ ম্যালোনি আগামী তিন বছর কোনো প্রাণী পুষতে পারবেন না। এ ছাড়া ১০০ ঘণ্টা তাঁকে কমিউনিটি-সেবা করতে হবে। খবর পিটিআই অনলাইনের। 

খবরে জানানো হয়, ‘ম্যাড ম্যাট’ বলে পরিচিত ওই যুবকের ভিডিওটি ফেসবুকে হাজারো ব্যক্তি দেখেন। অনলাইনে এটি জানুয়ারিতে পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, ম্যাথিউ ম্যালোনি একটি বাক্স থেকে তাঁর পোষা ইঁদুরকে বের করে কামড়ে ইঁদুরটির মাথা ছিঁড়ে নিয়ে চিবোচ্ছেন। এই ভিডিও দেখে অনেকেই ক্ষুব্ধ হন।
প্রাণী সুরক্ষায় প্রতিষ্ঠিত সংস্থা রয়াল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলিটি টু অ্যানিমেলস (আরএসপিসিএ) এ ব্যাপারে তদন্ত করার পর ম্যালোনির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
ম্যালেনির আচরণকে বিকৃত আনন্দ বলে উল্লেখ করে আদালতে ম্যাজিস্ট্রেট সুজেট কোয়েটস বলেন, এ ধরনের আচরণ ক্ষমার অযোগ্য। যাঁরা ভিডিওটি দেখেছেন, তাঁরা তাঁকে নির্বোধ ছাড়া আর কিছু ভাবেননি। এ ধরনের আচরণ মোটেও পৌরুষদীপ্ত নয়।