বিক্রমাদিত্য অবশেষে ভারতের জলসীমায়
অবশেষে ভারতের সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রমাদিত্য আরব সাগরে স্বদেশের জলসীমায় প্রবেশ করেছে। দীর্ঘ বিলম্বের পর উত্তর রাশিয়ার একটি শিপইয়ার্ডে গত বছরের নভেম্বরে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছিল। গত শনিবার বিক্রমাদিত্য উত্তর-পশ্চিম আরব সাগরে ভারতের নৌচালনা এলাকায় প্রবেশ করে। আইএনএস ত্রিকাণ্ড, আইএনএস দিল্লি ও আইএনএস দীপক নামের কয়েকটি জাহাজ ২৩০ কোটি ডলার মূল্যের বিক্রমাদিত্যকে পাহারা দিয়ে নিয়ে আসে। এক সপ্তাহের মধ্যে এর কর্ণাটকের কারওয়ার বন্দরে পৌঁছার কথা রয়েছে।
বিক্রমাদিত্যের দৈর্ঘ্য ২৮৪ মিটার ও প্রস্থ ৬০ মিটার। এর উচ্চতা ২০ তলা ভবনের সমান। জাহাজটিতে মিগ ৩০ ও ২৯ কেসহ বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টার রাখা হবে।
চার হাজার টন ওজনের জাহাজটি প্রতিদিন প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। সব মিলিয়ে এতে এক হাজার ৬০০ জন কর্মী থাকবে। এ জাহাজের অন্তর্ভুক্তি ভারতের নৌবাহিনীকে আরও অনেক শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। এনডিটিভি।