বিক্রি হচ্ছে আস্ত একটি গ্রাম
নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের পশ্চিম উপকূলের একটি ছোট গ্রামের নাম ওতিরা। একসময় এখানকার রেলস্টেশনের বেশ নাম-ডাক ছিল। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথও এখানে বেড়িয়ে গেছেন। গ্রামটির বাসিন্দা এখন মাত্র ৪০ জন হলেও একসময় এখানে ৬০০ জনের বসবাস ছিল। এই গ্রামটিই বিক্রি করতে চাচ্ছেন এর বর্তমান মালিক বিল ও ক্রিস্টিন হেন্নাহ। দাম চাওয়া হচ্ছে ১০ লাখ নিউজিল্যান্ড ডলার (সাত লাখ ১৫ হাজার ডলার)।১৯৯৮ সালে হেন্নাহ দম্পতি গ্রামটি কেনেন। নিউজিল্যান্ডের আর্থারস পাস জাতীয় উদ্যানের কাছে একটি হোটেল, স্কুল, রেলস্টেশন, টাউন হল ও ১৮টি বাসভবন নিয়ে তৈরি এই গ্রামটি ওই সময় তাঁরা কিনেছিলেন ৮০ হাজার নিউজিল্যান্ড ডলারে (৫৬ হাজার ডলার)। ওতিরা সুরঙ্গ রেলপথ চালু হওয়ার পর সেখানে ১৯২৩ সালে গ্রামটি গড়ে ওঠে।হেন্নাহ দম্পতির বয়স এখন ষাটের কোঠায়। গ্রামটি বিক্রির কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাঁরা বলেন, তাঁদের বয়স হয়েছে। সেখানকার হোটেলটি চালানোর মতো শক্তি-সামর্থ্য এখন আর তাঁদের নেই। হোটেলটি তাঁরা সাড়ে তিন লাখ নিউজিল্যান্ড ডলারে বিক্রি করতে চান। আর কেউ পুরো গ্রামটি কিনতে চাইলে তাঁকে ১০ লাখ নিউজিল্যান্ড ডলার দিতে হবে।ক্রিস্টিন হেন্নাহ বলেন, ‘আমরা চাই কেউ আবার এটিকে নতুন করে গড়ে তুলুক। এখানে অনেক সম্ভাবনা ও সুযোগ রয়েছে। যিনি কিনবেন তিনি ঠকবেন না।’ রয়টার্স।