বিক্ষোভ দমনে ব্যাংককে বিপুল সেনা মোতায়েন
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দমনের জন্য গতকাল রোববার হাজার হাজার পুলিশ ও সেনা মোতায়েন করেছে দেশটির সামরিক সরকার৷ এতে শহরের কেন্দ্রস্থলের কয়েকটি অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং কয়েকটি রেলস্টেশনও বন্ধ করে দেওয়া হয়৷ খবর এএফপি, বিিবসি ও রয়টার্সের৷
কয়েক মাসের রাজনৈতিক সংকটের পর নির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে সরিয়ে দিয়ে গত ২২ মে ক্ষমতা দখল করে থাই সেনাবাহিনী৷ এরপর জ্যেষ্ঠ রাজনীতিকদের অনেককে আটক করা হয়েছে৷ অভ্যুত্থানবিরোধীরা প্রথম থেকে ছোটখাটো বিক্ষোভ করে এলেও এবার বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে৷ অনলাইনভিত্তিক বিভিন্ন যোগাযোগমাধ্যম ব্যবহার করে তারা বিক্ষোভে যোগ দিতে লোকজনকে আহ্বান জানাচ্ছে৷
এই অবস্থায় রাজধানীতে বিপুল নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে৷ ব্যাংককের বাণিজ্যিক কেন্দ্রস্থলে গতকাল ভারী অস্ত্র ও বর্মসজ্জিত হাজার হাজার নিরাপত্তাকর্মীর উপস্থিতিতে ২০-২৫ জন বিক্ষোভকারীকে শান্তিপূর্ণ অবস্থান নিতে দেখা যায়৷ পুলিশ জানায়, একটি গুরুত্বপূর্ণ বিপণিকেন্দ্রের রাস্তায় সমবেত ‘কয়েকজন’ িবক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে৷
সেনাপ্রধান জেনারেল প্রাইউথ শান-ওশা ক্ষমতা দখল করে সামরিক আইন জারি করার পর থাইল্যান্ডে পাঁচজনের বেশি লোকজনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে৷ দেশটির পুলিশ বাহিনীর উপপ্রধান সোমিয়ত পুম্পানমুং বলেন, ব্যাংককে গতকাল একটি বিক্ষোভ হয়েছে৷ শহরের আটটি স্থানে প্রায় ছয় হাজার সেনা মোতায়েন করা হয়েছে৷
যেকোনো ধরনের বিক্ষোভে অংশগ্রহণকারী এবং তাদের পরিবারের সদস্যরা সামরিক আইনের আওতায় শাস্তি পেতে পারেন বলে জেনারেল প্রাইউথ শান-ওশা হুঁশিয়ারি দিয়েছেন৷