বিক্ষোভ ছত্রভঙ্গে সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডে বিক্ষোভ।
রয়টার্স

করোনা মহামারি মোকাবিলায় এ পর্যন্ত যেসব দেশ সফল, তাদের অন্যতম নিউজিল্যান্ড। সংক্রমণ মোকাবিলায় কঠোর পদক্ষেপও নিয়েছে নিউজিল্যান্ড। এখনো দেশটি সীমান্ত খোলেনি। দেশটির জনগণের একটি অংশ এসব বিধিনিষেধ মানতে নারাজ। তাই তাঁরা বিক্ষোভ শুরু করেছেন। আর এই বিক্ষোভ মোকাবিলায় শেষমেশ সংগীতের আশ্রয় নিয়েছে দেশটির পুলিশ।

বিষয়টি খোলাসা করা যাক। বিবিসির তথ্য অনুসারে, করোনার বিধিনিষেধের বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে দেশটির পার্লামেন্ট ভবনের সামনেও বিক্ষোভ চলছে। পরিস্থিতি সামাল দিতে বহু পদক্ষেপ নিয়েছে পুলিশ। এমনকি ১২২ জনকে গ্রেপ্তারও করেছে। কিন্তু বিক্ষোভ থামেনি।

শেষমেশ নতুন পথ বেছে নেয় পুলিশ। বিক্ষোভকারীদের সরাতে সংগীতের আশ্রয় নেয় পুলিশ। এ জন্য উচ্চ শব্দযন্ত্র ব্যবহার করা হয়। বাজানো হয় যুক্তরাষ্ট্রের সংগীত তারকা ব্যারি ম্যানিলোর ১৯৭১ সালে প্রকাশিত গান ‘কুড ইট বি ম্যাজিক’ থেকে শুরু করে নব্বইয়ের দশকের জনপ্রিয় গান। শুধু ইংরেজি নয়, স্প্যানিশ ভাষার গান বাজানো হয়। এ ছাড়া করোনার টিকা নিয়ে বিভিন্ন বার্তাও প্রচার করা হয়েছে এ উচ্চ শব্দযন্ত্রে। কিন্তু এতেও কাজ হলো না। এরপর নিউজিল্যান্ডের পুলিশকে সাহায্য করতে এগিয়ে আসেন ব্রিটিশ সংগীত তারকা জেমস ব্লান্ট। তিনি এক টুইট বার্তায় উল্লেখ করেন, ‘নিউজিল্যান্ডের পুলিশের কৌশলে যদি কাজ না হয়, তবে আমাকে সুযোগ দেওয়া হোক।’

জেমস ব্লান্টকে নিউজিল্যান্ডের পুলিশ সুযোগ দিয়েছে। কিন্তু তাঁকে সরাসরি যেতে দেওয়া হয়নি। ওই টুইটের কয়েক ঘণ্টা পর নিউজিল্যান্ডের পুলিশ জেমস ব্লান্টের গান বাজানো শুরু করে। ব্লান্টের অন্যতম জনপ্রিয় গান ‘ইউ আর বিউটিফুল’ সেখানে বাজানো হয়। কিন্তু এতেও কাজ হলো না। স্কাই নিউজের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা পুলিশের বাজানো গানের সঙ্গে গলা মেলাচ্ছেন। কেউ কেউ আবার নাচছেন।