বিক্ষোভ দমনে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের উত্তরাঞ্চলে অবস্থিত মনিওয়া তামাখনির শ্রমিকদের বিক্ষোভ দমনে ক্ষতিকর রাসায়নিক পদার্থ (শ্বেত ফসফরাস) ব্যবহারের অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটির সরকার। দেশটির প্রেসিডেন্ট থেইন সেইনের মুখপাত্র ইয়ে এইচটুট এ কথা জানিয়েছেন।চীনা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন মনিওয়া তামাখনিতে গত নভেম্বরে সংঘটিত বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ১০০ জন আহত হয়। কয়েকজনের শরীর আশঙ্কাজনকভাবে পুড়ে গিয়েছিল। আইনজীবীরা ওই খনি অঞ্চল থেকে মারাত্মক ক্ষতিকর শ্বেত ফসফরাস উদ্ধার করে বিদেশি গবেষণাগারে পাঠিয়েছিলেন। এইচটুট বলেন, মনিওয়ার ঘটনা তদন্তের জন্য অং সান সু চির নেতৃত্বে গঠিত কমিশনের কাজ বিঘ্নিত করে এমন কোনো ব্যক্তিগত তদন্ত প্রতিবেদন গ্রহণ করা হবে না।খনিশ্রমিকদের বিক্ষোভে কাঁদানে গ্যাস ও ধোঁয়া বোমা ব্যবহার করা হয় বলে প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়। তবে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ সরকারিভাবে অস্বীকার করা হয়। সু চির কমিশনের পক্ষ থেকে গত মাসে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল। তবে ওই তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।‘যুদ্ধবিমান মাটিচাপা দেওয়া হয়নি’: দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে মিয়ানমারে কোনো যুদ্ধবিমান মাটিচাপা দেওয়া হয়নি বলে জানিয়েছে যুক্তরাজ্যের নেতৃত্বাধীন একটি অনুসন্ধানী দল। দেশটিতে একাধিক যুদ্ধবিমান মাটিচাপা দেওয়ার অভিযোগ ‘মানুষের ধারণামাত্র’। যুক্তরাজ্যের সাবেক উপনিবেশ মিয়ানমারে (তৎকালীন বার্মা) ১৯৪৫ সালে বেশ কয়েকটি যুদ্ধবিমান মাটিচাপা দেওয়া হয়েছিল বলে স্থানীয়ভাবে জনশ্রুতি রয়েছে। এএফপি।