বিক্ষোভ নিয়ন্ত্রণে ‘গ্যাংনাম স্টাইল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতন আদায়ের জন্য ‘গ্যাংনাম স্টাইলে’ নেচেছিলেন চীনা শ্রমিকেরা। তাঁরা বকেয়া আদায়ে সফল হয়েছিলেন কি না, তা জানা যায়নি। তবে ইন্দোনেশিয়ায় নারী পুলিশেরা গ্যাংনাম স্টাইলে নেচে মে দিবসের শ্রমিক বিক্ষোভ ভালোভাবেই সামাল দিয়েছেন। মে দিবস উপলক্ষে গত বুধবার বিশ্বের অন্যান্য দেশের মতো ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সুরাবায়া শহরে হাজার হাজার শ্রমিক বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে শ্রমিকেরা বিক্ষোভে ফেটে পড়েন। এ সময় পরিস্থিতি সামাল দিতে ৮০ জন নারী পুলিশ দক্ষিণ কোরিয়ার সংগীতশিল্পী সাইয়ের মতো করে গ্যাংনাম স্টাইলে নাচতে থাকেন। এতে মজা পেয়ে বিক্ষোভকারীরাও নাচতে থাকেন।স্থানীয় পুলিশের উচ্চপদস্থ এক নারী কর্মকর্তা জানান, বিক্ষোভ নিয়ন্ত্রণের জন্যই নারী পুলিশেরা নেচেছেন। এতে বিক্ষোভকারীরা নাচ উপভোগ করেছেন। শান্ত আচরণ করেছেন। বিক্ষোভকারীদের এভাবে শান্ত করার অনুভূতিটাই অন্য রকম। তবে সুরাবায়া শহরে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা গেলেও ইন্দোনেশিয়ার অন্যান্য স্থানের চিত্র ছিল ভিন্ন। বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশকে বেশ হিমশিম খেতে হয়েছে। অধিকাংশ জায়গায় কম মজুরি ও কাজের অনুপযুক্ত পরিবেশের প্রতিবাদে শ্রমিকেরা বিক্ষোভে ফেটে পড়েন।গত বছর ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর গ্যাংনাম স্টাইল ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ডিসেম্বর নাগাদ ইউটিউবে ১০০ কোটির বেশি মানুষ এই ভিডিওটি দেখেন, যা রেকর্ডের জন্ম দেয়। এএফপি।