বিক্ষোভ বন্ধ না করলে প্রতিশ্রুতি থেকে সরে যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া সরকারবিরোধী বিক্ষোভ দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তা না হলে তিনি নির্বাচন দেওয়ার আগের অবস্থান থেকে সরে যাবেন বলেও হুমকি দিয়েছেন। দেশটিতে সর্বশেষ সহিংসতায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।সরকারবিরোধী বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আপিসিত সম্প্রতি একটি রোডম্যাপ ঘোষণা করেন। এতে তিনি ১৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন। বিক্ষোভকারীরা এই রোডম্যাপ মেনে নিয়ে তাতে স্বাক্ষর করলেও পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার সুনির্দিষ্ট তারিখের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। গতকাল রোববার জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আপিসিত বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘সোমবারের (আজ) মধ্যে স্পষ্ট জবাব দিন। তা না হলে সমস্যা সমাধানের যে প্রস্তাব দিয়েছি, তা প্রত্যাহার করে নিতে বাধ্য হব।’ আপিসিত বলেন, সন্ত্রাসী এবং দেশের বাইরে অবস্থানকারী কিছু লোক চায় না এই সমস্যার সমাধান হোক। তাই দুই পক্ষের আলোচনা নস্যাতের চেষ্টা করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমালোচনা করে আপিসিত বলেন, তিনি (থাকসিন) চান না এভাবে সমস্যার সমাধান হোক। কারণ, এতে থাকসিনের ব্যক্তিগতভাবে কোনো লাভ হবে না।দেশটিতে সর্বশেষ সহিংসতায় গ্রেনেড হামলা ও গুলি চালিয়ে পুলিশের দুই কর্মকর্তাকে হত্যা করা হলেও কেউ এর দায় স্বীকার করেনি। ব্যাংককে সরকারবিরোধীদের বিক্ষোভ সমাবেশ স্থলের কাছে এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা এ ঘটনাকে অন্তর্ঘাতমূলক বলে আখ্যা দিয়েছে। প্রধানমন্ত্রী আপিসিতের বক্তব্যের জবাবে বিক্ষোভকারীদের নেতা নাট্টাউট সাইকুয়ার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ইচ্ছে করে দেরি করছি না। জাতির ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের অবশ্যই সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আবার ব্যাহত হতে পারে।’ সাইকুয়ার আরও বলেন, পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার সুনির্দিষ্ট দিন ঘোষণা করা হলে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা খুব সহজ হবে।প্রায় দুই মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ২৯ জন নিহত ও এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। ‘লাল শার্ট’ বলে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকেরা এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।