বিক্ষোভ বন্ধের আহ্বান এরদোয়ানের
তুরস্কে চলমান বিক্ষোভ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান। দক্ষিণ আফ্রিকায় চার দিনের সফর শেষে আজ শুক্রবার ভোরে দেশে ফিরে তিনি এ আহ্বান জানান। বিবিসির অনলাইন ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ ভোরে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে জড়ো হন ক্ষমতাসীন দলের প্রায় ১০ হাজার সমর্থক। এ সময় সমর্থকদের উদ্দেশে প্রধানমন্ত্রী এরদোয়ান বলেন, ‘অবৈধ এ বিক্ষোভ অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।’ তিনি বলেন, ‘আমরা বিভক্তি বা উত্তেজনা বাড়ানোর পক্ষে নই। তবে নৃশংসতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।’ বিক্ষোভকারীদের শান্তি বজায় রেখে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান এরদোয়ান।
তুরস্কের প্রধানমন্ত্রী বিমানবন্দরে সমর্থকদের উদ্দেশে যখন এসব কথা বলছিলেন, প্রায় একই সময় ইস্তাম্বুলের তাসকিম স্কয়ারে বিক্ষোভ মিছিল করছিল হাজারো বিক্ষোভকারী। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
নগর উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ইস্তাম্বুলের গেজি পার্কে গাছ কাটাকে কেন্দ্র করে তাসকিম স্কয়ারে গত ৩১ মে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এর জের ধরে দেশটির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের ওপর পুলিশের ‘বর্বরোচিত’ হামলার জন্য প্রধানমন্ত্রী এরদোয়ানকে ক্ষমা চাইতে হবে বলে বিক্ষোভকারীরা দাবি জানিয়েছে। একই সঙ্গে যেসব কর্মকর্তা পুলিশকে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন, তাঁদের বরখাস্ত করারও দাবি জানানো হয়।
বিক্ষোভকারীদের দাবি, এরদোয়ান সরকার ক্রমে স্বৈরাচারী হয়ে উঠছে এবং ধর্মনিরপেক্ষ দেশটির ওপর রক্ষণশীল ইসলামি মূল্যবোধ চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।