ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপরিলেস নাশকতার আশঙ্কায় পূর্বঘোষিত গতকাল বুধবারের বিক্ষোভ কর্মসূচি বাতিল করেছেন। দেশটিতে গত রোববার অনুষ্ঠিত বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনর্গণনার দাবিতে তিনি দেশজুড়ে ওই বিক্ষোভের ডাক দেন।এদিকে গত সোমবার নির্বাচন-পরবর্তী সহিংসতায় দেশটিতে সাতজন নিহত ও বহু লোক আহত হয়েছেন।প্রয়াত বিপ্লবী নেতা হুগো চাভেজের উত্তরসূরি নবনির্বাচিত প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেছেন, বিরোধীদলীয় ওই বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া হবে না। নির্বাচন-পরবর্তী সহিংসতায় সোমবার হতাহতের ঘটনার পর তিনি বিরোধীদের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগ করেন। তবে ক্যাপরিলেস বলেছেন, সরকার ভোট পুনর্গণনা এড়াতেই ওই সহিংসতা ঘটিয়েছে। নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে জয়ী হন নিকোলা মাদুরো। কিন্তু ক্যাপরিলেস নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবি জানান। এ দাবিতে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাজধানী কারাকাসে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভের ডাক দেন তিনি।ক্যাপরিলেস বলেন, ‘সংকটের যাতে শিগগিরই সমাধান হয়, সে লক্ষ্যে আমরা সরকারের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত।’ তিনি দাবি করেন, মাদুরোর সমর্থকেরা তাঁদের কর্মসূচিতে নাশকতার পরিকল্পনা করছেন। এর আগে সোম ও মঙ্গলবার মাদুরোর বিরুদ্ধে দেশটির রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখান। নির্বাচনে জালিয়াতির অভিযোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট মাদুরোও তাঁর সমর্থকদের প্রতি একই দিনগুলোয় শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ার ডাক দেন।সোমবার বিক্ষোভ শুরুর পর রাজধানীর একটি স্থানে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রতিবাদকারীরা রাজধানীর প্রধান সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। পরে মাদুরোর শত শত সমর্থক মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এদিন সহিংসতায় সাতজন নিহত ও আরও অনেকে আহত হন। মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়।প্রেসিডেন্ট মাদুরো বিরোধীদলীয় নেতা ক্যাপরিলেসের ভোট পুনর্গণনার দাবিকে নির্বাচনী ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিকভাবে সমর্থন জানালেও মঙ্গলবার তিনি এ দাবিকে ‘একজন ধনাঢ্যের খেয়ালিপনা’ আখ্যা দিয়ে উড়িয়ে দেন। বিবিসি ও এএফপি।