সৌদি আরবের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নায়েফ বিন আবদুল আজিজ বলেছেন, রাজতন্ত্রের প্রতি অনুগত সৌদিবাসী কুচক্রী লোকজনের বিক্ষোভের ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে। গতকাল রোববার দেশটির সরকারি সংবাদ সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্য প্রকাশ করে। সৌদি বাদশাহ আবদুল্লার সৎভাই প্রিন্স নায়েফ বলেন, কিছু মন্দ লোক গত শুক্রবার এ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। তারা অসৎ উদ্দেশ্যে দেশজুড়ে বিক্ষোভের ডাক দেয়। উল্লেখ্য, গত ১১ মার্চ ওয়েবভিত্তিক আন্দোলনকারীরা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও টুইটার ব্যবহার করে সৌদিবাসীকে গণতান্ত্রিক সরকারের দাবিতে বিক্ষোভ করার আহ্বান জানায়। এর আগের দিন গত বৃহস্পতিবার গণতন্ত্র ও আটক শিয়া নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভরত লোকজনের ওপর পুলিশ গুলি বর্ষণ করে। এতে তিনজন আহত হয়। তার পরই ওয়েবভিত্তিক আন্দোলনকারীরা ওই বিক্ষোভের ডাক দেয়। তারা দিনটিকে ‘বিক্ষোভ দিবস’ বা ‘সৌদি মার্চ ১১ বিপ্লব’ নামে আখ্যা দেয়। তবে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের কারণে আন্দোলনকারীরা আর সংঘবদ্ধ হতে পারেনি।যুবরাজ নায়েফ বলেন, ‘আমি বাদশা আবদুল্লাহ ও তাঁর উত্তরসূরি যুবরাজ সুলতানকে এ রকম অনুগত দেশবাসী পাওয়ায় অভিবাদন জানাচ্ছি। এর আগে গত সপ্তাহে যুবরাজ নায়েফের মন্ত্রণালয় সব ধরনের বিক্ষোভকে ইসলামবিরোধী এবং অবৈধ বলে সতর্ক করে দেয়। রয়টার্স।