বিক্ষোভকারীদের ওপর বোমা ফেলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম দাবি করেছেন, সরকারবিরোধী বিক্ষোভ দমনে বেসামরিক জনগণের ওপর বোমা বর্ষণ করা হয়নি। গত মঙ্গলবার ব্রিটেনের স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।এর আগে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, গাদ্দাফির নির্দেশে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর বোমা নিক্ষেপ করে দেশটির বিমানবাহিনী। জাতিসংঘের তথ্যমতে, লিবিয়ায় গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিক্ষোভে সহিংসতায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়। প্রাণ বাঁচাতে লিবিয়া ছেড়ে পাশের দেশ তিউনিসিয়া ও মিসরে আশ্রয় নিয়েছে এক লাখেরও বেশি মানুষ।সাক্ষাৎকারে সাইফ অভিযোগ করেন, লিবিয়ায় সাধারণ জনগণের ওপর বোমা বর্ষণ করা হয়েছে—অ্যারাবিক টেলিভিশন চ্যানেল এই প্রতিবেদন প্রকাশ করে। চ্যানেলটি এই অসত্য প্রতিবেদন প্রচার করে বিশ্বকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছে যে লিবিয়ার বিমানবাহিনী রাজধানী ত্রিপোলি ও কয়েকটি শহরে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর বোমা বর্ষণ করেছে এবং এতে অনেক বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, ‘গণমাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ লিবিয়ার ওপর অবরোধ আরোপ করেছে। এই প্রতিবেদনের কারণে লিবিয়া শাস্তি পাচ্ছে। প্রতিবেদনে যেসব শহরে বোমা বর্ষণের কথা উল্লেখ করা হয়েছে, সেখানে আপনাদের যেতে বলব। আপনারা সেখানে গিয়ে পরিস্থিতি দেখুন, যে কারও সাক্ষাৎকার নিন, এ ব্যাপারে তাদের জিজ্ঞেস করুন। বোমা বর্ষণের পক্ষে ন্যূনতম প্রমাণ আমাকে দিন।’সাইফ বলেন, ‘এই ঘটনা তদন্তে যেকোনো দেশের তদন্তদলকে আমরা স্বাগত জানাব।’ ত্রিপোলিতেই স্কাই নিউজকে সাক্ষাৎকার দেন সাইফ। লিবিয়ার সরকার দেশটির পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে গণমাধ্যমের খবরও নাকচ করে দেন তিনি।যুক্তরাজ্যে পড়াশোনা করা সাইফ এখন লিবিয়া সরকারের মুখপাত্র হিসেবে কাজ করছেন। গাদ্দাফির সন্তানদের মধ্যে সাইফ আল ইসলামই জনসমক্ষে বেশি আসছেন। এপি অনলাইন।