বিক্ষোভকারীদের প্রস্তাব প্রত্যাখ্যান থাই প্রধানমন্ত্রীর
াইল্যান্ডে লাল শার্ট বিক্ষোভকারীদের শর্তসাপেক্ষে কর্মসূচি প্রত্যাহারের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন সে দেশের প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা। তিনি বলেছেন, সাধারণ থাই নাগরিকদের চাওয়া-পাওয়া উপেক্ষা করে শুধু লাল শার্টদের স্বার্থপূরণের জন্য তিনি পার্লামেন্ট ভেঙে দিতে রাজি নন। আজ রোববার এক টেলিভিশন ভাষণে এ বিষয়ে সুস্পষ্টভাবে তাঁর অবস্থান জানাবেন বলেও জানিয়েছেন তিনি। গতকাল শনিবার প্রধানমন্ত্রী ভেজ্জাজিভা সাংবাদিকদের এ কথা জানান। খবর বিবিসির।ব্যাংককে বিক্ষোভরত থাকসিনপন্থী লাল শার্ট আন্দোলনকারীরা গত শুক্রবার সরকারের কাছে শর্তসাপেক্ষে কর্মসূচি প্রত্যাহারের প্রস্তাব দেন। বিক্ষোভ শুরুর দিন থেকে তাঁরা অবিলম্বে পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবি জানিয়ে এলেও ওই দিন তাঁরা সরকারকে জানান, এক মাসের মধ্যে প্রধানমন্ত্রী পার্লামেন্ট ভেঙে দিতে রাজি হলে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করবেন।তবে প্রধানমন্ত্রী ভেজ্জাজিভা গতকাল তাঁদের সে প্রস্তাব সরাসরি উড়িয়ে দিয়ে বলেন, যেহেতু তাঁরা (বিক্ষোভকারীরা) সংঘাতের পথ বেছে নিয়েছেন, সেহেতু তিনি আর তাঁদের প্রস্তাব মানতে রাজি নন। তাঁর অভিযোগ, শুধু বিদেশি গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য বিক্ষোভকারীরা এখন ৩০ দিনের সময়সীমার কথা বলছেন।প্রধানমন্ত্রী বলেন, পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রয়োজন হলে তিনি দেশের স্বার্থে তা ভেঙে দেবেন; লাল শার্টদের স্বার্থপূরণের জন্য নয়।ভেজ্জাজিভা আরও বলেন, ‘আগামীকাল (আজ) আমি ও সেনাপ্রধান যৌথভাবে টেলিভিশন ভাষণ দেওয়ার পর এ বিষয়ে আমাদের অবস্থান আরও পরিষ্কার হবে।’