বিক্ষোভকারীদের ফের গেজি পার্ক থেকে হটিয়ে দিল পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের সরকারবিরোধী বিক্ষোভের কেন্দ্রস্থল ইস্তাম্বুলের গেজি পার্কে সাঁড়াশি অভিযান চালিয়ে আন্দোলনকারীদের আবার হটিয়ে দিয়েছে পুলিশ। শনিবার রাতভর সংঘর্ষের পর গতকাল রোববার সেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়। প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান গত শনিবার বিকেলে রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) এক সমাবেশে বিক্ষোভকারীদের গেজি পার্ক ছেড়ে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দেন। বিক্ষোভকারীরা এতে রাজি না হওয়ায় দুই ঘণ্টা পরই পুলিশ অভিযান শুরু করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে ব্যাপক কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। ব্যবহার করা হয় জলকামানও। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। কয়েক মিনিটেই পার্ক খালি হয়ে যায়। এএফপি।