বিক্ষোভকারীদের বিপুল জরিমানা করার বিল পাস করল রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষে সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিপুল জরিমানা করার বিধান রেখে গতকাল বুধবার একটি বিতর্কিত বিল পাস হয়েছে।নতুন এ বিলের আওতায় আইন লঙ্ঘন করে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিকে তিন লাখ রুবল (রাশিয়ার মুদ্রা) এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে ছয় লাখ রুবল জরিমানার বিধান রাখা হয়েছে। এর আগে রাশিয়ায় আইন অমান্য করে বিক্ষোভ করা ব্যক্তিকে পাঁচ হাজার রুবল জরিমানা করার বিধান ছিল।গতকাল পার্লামেন্টের উচ্চকক্ষে অনুষ্ঠিত ভোটাভুটিতে ওই বিলের পক্ষে ১৩২ জন সিনেটর ভোট দেন। বিপক্ষে ভোট দেন মাত্র একজন। এ ছাড়া একজন সিনেটর ভোটদান থেকে বিরত থাকেন। এখন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাক্ষর করলে বিলটি চূড়ান্তভাবে অনুমোদন পাবে। ইতিমধ্যে পুতিন বিলটির পক্ষে তাঁর সমর্থনের কথা জানিয়েছেন। ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টি পার্লামেন্টে বিলটি উত্থাপন করে। আগামী সপ্তাহে মস্কোয় অনুষ্ঠেয় সরকারবিরোধী বিক্ষোভের আগেই সরকার বিলটিকে আইনে রূপান্তর করতে চাইছে।সমালোচকেরা বিলটিকে ‘কঠোর ও নির্মম’ উল্লেখ করে বলেন, ক্রেমলিন-সমর্থিত ক্ষমতাসীন দল ব্যক্তিস্বাধীনতা ধ্বংস করছে। নতুন বিল অনুযায়ী, অনুমোদন ছাড়া কোনো লোক বিক্ষোভে অংশ নিলে তাঁকে জরিমানা করা যাবে। এমনকি অনুমোদন নিয়ে করা বিক্ষোভের সময়ও সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হলে জরিমানার বিধান রয়েছে। বিবিসি।