বিক্ষোভকারীদের হঠাতে ব্যাংককে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে কয়েক সপ্তাহ ধরে সরকারের বিরুদ্ধে টানা আন্দোলন চালিয়ে যাওয়া বিক্ষোভকারীদের হঠাতে গতকাল শুক্রবার অভিযান চালিয়েছে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকার। অভিযানকালে রাজধানী ব্যাংককে হাজার হাজার দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। অভিযানে তেমন কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে দুই ব্যক্তি সামান্য আহত হয়েছেন।
বিরোধী দলের সঙ্গে মুখোমুখি অবস্থানে থাকা সরকারের জন্য এ অভিযানকে তাদের কৌশলে একটি অপ্রত্যাশিত পরিবর্তন বলে মনে করা হচ্ছে। কেননা, বিক্ষোভ করতে সরকার ব্যাংককে কয়েকটি স্থানে বিরোধীদের তাঁবু গাড়ার অনুমতি দিয়েছিল। সংবাদদাতারা জানান, গতকাল পুলিশ ব্যাংককের ‘গভর্নমেন্ট হাউসের’ চারপাশের বিভিন্ন স্থানের পুনর্নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। দুই মাস ধরে বিক্ষোভকারীরা দপ্তরটি অবরুদ্ধ করে রাখায় প্রধানমন্ত্রী ইংলাক সেখানে কাজ করতে পারছেন না। গতকাল দপ্তরটির পার্শ্ববর্তী স্থানগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার সময় পুলিশ খুব সামান্যই বাধার মুখে পড়ে। অভিযানকালে পুলিশ ঢাল ও দাঙ্গায় ব্যবহূত হেলমেট এবং কেউ কেউ অস্ত্রসজ্জিত ছিল। গতকালের এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের তাঁবুগুলো অপসারণ করেছে। এ ছাড়া কাঁটাতার, বালুর বস্তা ও টায়ারের স্তূপ দিয়ে তৈরি বিক্ষোভকারীদের অস্থায়ী প্রতিরক্ষাব্যবস্থা গুঁড়িয়ে দেয়।
এদিকে এ অভিযান সফল হয়েছে কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। অভিযান শেষে পুলিশ সরে গেলে আন্দোলনকারীদের আবার প্রতিবন্ধকতা স্থাপনের কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। এএফপি।