২০১১ সালে তৎকালীন স্বৈরশাসক হোসনি মোবারকবিরোধী গণ-অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় গতকাল শনিবার পুলিশের ছয়জন সদস্যকে খালাস দিয়েছেন একটি আদালত। তবে মোবারকের উত্তরসূরি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিচার আবার শুরু হয়েছে।
২০১১ সালের অভ্যুত্থানের সময় মিসরের ভুমধ্যসাগরীয় শহর আলেক্সান্দ্রিয়ায় একটি থানার বাইরে ৮৩ জন বিক্ষোভকারীকে হত্যা করা হয়। ওই সময় মোট ১৮ দিনে যে প্রায় ৮৫০ জন লোকের প্রাণহানি হয়েছিল, তার বেশির ভাগই ঘটে ১৮ জানুয়ারি। ওই ঘটনায় পুলিশের এক ডজনের বেশি সদস্যকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়। মোবারককেও ওই মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে পরে তাঁর মামলাটির পুনর্বিচারের আবেদন করা হয়। আদালত তাঁর আবেদন গ্রহণ করেন।
ওই ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বেশির ভাগকেই খালাস দেওয়া হয়েছে। গতকাল যাঁদের খালাস দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে আলেক্সান্দ্রিয়ার সাবেক পুলিশপ্রধানও রয়েছেন।
সম্প্রতি ওই হত্যাকাণ্ডের দায় মুরসির ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের ওপর চাপানো হয়েছে। রাষ্ট্রীয় অভিযোক্তাদের বক্তব্য হচ্ছে, অভ্যুত্থানের সময় থানায় হামলা করা হয় এবং কয়েদিদের পালানোর সুযোগ করে দেওয়া হয়। মুরসি ও অন্য রাজনৈতিক বন্দীরা তখন কারাগার থেকে পালিয়ে যান। এসব ঘটনা ছিল মিসরে বিশৃঙ্খলার বীজ বপনের একটা ষড়যন্ত্র।
মোবারকের পতনের পর নির্বাচনে জয়ী হয়ে মুরসি যে এক বছর প্রেসিডেন্ট পদে ছিলেন, তখন ওই অভিযোগগুলো দেশটির জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়। মুরসির বিরুদ্ধে এসব অভিযোগের বিচার গতকাল কায়রোর একটি আদালতে আবার শুরু হয়। এটি ছাড়াও বিদেশি জঙ্গি ও সরকারের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির একটি মামলা চলছে। গতকাল কারাগার থেকে পালানোর মামলায় আদালতে শুনানিকালে মুরসি সমর্থকদের উদ্দেশে ‘শান্তিপূর্ণ বিপ্লব’ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
মুরসি শুরু থেকেই তাঁর বিরুদ্ধে সব অভিযোগ নাকচ করেন। তিনি নিজেকে দেশের বৈধ প্রেসিডেন্ট বলে দাবি করেন। মুরসিবিরোধী বিক্ষোভের জের ধরে দেশটির সেনাবাহিনী গত বছরের ৩ জুলাই তাঁকে ক্ষমতাচ্যুত করে। এএফপি।