বিক্ষোভে উত্তাল তিউনিসিয়া
বিরোধীদলীয় এক নেতাকে হত্যার ঘটনা নিয়ে আবার উত্তাল হয়ে উঠেছে তিউনিসিয়া। হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভের জের ধরে দেশটির প্রধানমন্ত্রী হামাদি জাবালি টেকনোক্র্যাটদের নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন। তবে তাঁর এই পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে দেশটির ক্ষমতাসীন দল এন্নাহদা এবংপার্লামেন্ট সদস্যরা।তিউনিসিয়ার বিরোধী পপুলার ফ্রন্ট পার্টির রাজনীতিক শুকরি বেলায়েত গত বুধবার রাজধানী তিউনিসে আততায়ীর গুলিতে নিহত হন। হত্যাকারীরা স্পষ্টবাদী এই নেতাকে একেবারে কাছে থেকে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাসীন দল ইসলামপন্থী এন্নাহদা দায়ী বলে অভিযোগ তোলে বিরোধীরা। তবে দলটি এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে ধর্মনিরপেক্ষ ওই রাজনীতিককে হত্যাকাণ্ডের ঘটনায় সেখানে সহিংস বিক্ষোভ শুরু হয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবারই হাজারো মানুষ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভ করেছে। এ সময় সরকারকে পদত্যাগের আহ্বান জানায় বিক্ষোভকারীরা। তারা নতুন করে বিপ্লবেরও ডাক দেয়। বুধবার বিক্ষোভে চলাকালে রাজধানী তিউনিসে সংঘর্ষে পুলিশসহ দুজন নিহত হয়েছে।গতকাল বৃহস্পতিবারও বিক্ষোভ ও ধর্মঘটে অচল হয়ে পড়ে দেশটি। সারা দেশের আইনজীবী, বিচারকের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও এতে অংশ নেন। আজ শুক্রবারও দেশব্যাপীধর্মঘটের ডাক দিয়েছেন ট্রেড ইউনিয়নের নেতারা।এদিকে পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রধানমন্ত্রী জাবালি ঘোষণা দিয়েছেন, তিনি ‘রাজনৈতিক সম্পৃক্তা নেই, এমন দক্ষ ব্যক্তিদের নিয়ে’ নতুন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষণে বুধবার তিনি বলেন, ‘সম্ভাব্য সবচেয়ে কম সময়ের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত দেশের ব্যবস্থাপনায় সীমিত ক্ষমতা’ থাকবে এই নতুন মন্ত্রিসভার হাতে।তবে জাবালির ওই ঘোষণা প্রত্যাখ্যান করেছেন এন্নাহদার নেতারা। দলটির ভাইস প্রেসিডেন্ট আবদুল হামাদ জেলাসি রয়র্টাসকে বলেন, জাবালি তাঁর দলের কোনো মতামত নেননি। তিনি আরও বলেন,‘আমরা মনে করি, তিউনিসিয়ায় এই মুহূর্তে রাজনৈতিক সরকারের দরকার রয়েছে। একটি জোট সরকার গঠনের জন্য আমরা অন্যান্য দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাব।’আরব বসন্ত নামের গণ-আন্দোলনে ২০১১ সালে তিউনিসিয়ার দীর্ঘদিনের শাসক বেন আলীর পতন হয়। ওই গণ-আন্দোলনের পর থেকে এ পর্যন্ত দেশটিতে অস্থিরতা অব্যাহত থাকলেও রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা এটাই প্রথম। বিবিসি ও এএফপি।