মিসরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবারও বিক্ষোভ হয়েছে। গত মঙ্গলবার থেকে টানা তিন দিনের বিক্ষোভ থেকে এ পর্যন্ত কমপক্ষে এক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এর পরও বিক্ষোভকারীরা আজ শুক্রবার আরও বড় ধরনের বিক্ষোভের প্রস্তুিতি নিচ্ছে। এদিকে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এলবারাদি গতকাল দেশে রওনা হওয়ার আগে অস্ট্রিয়ার ভিয়েনা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, মিসরে অবশ্যই পরিবর্তন আসতে হবে এবংতিনি এই পরিবর্তনে নেতৃত্ব দিতে প্রস্তুত, যদি তাঁকে আহ্বান জানানো হয়। আজ শুক্রবার গণবিক্ষোভে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।গত বুধবার রাজধানী কায়রোর মধ্যভাগে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে লোকজন। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। সুয়েজ শহরে বিক্ষোভকারীরা একটি সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়। এরপর রাতেও বিক্ষোভ হয়। এর আগে গত বুধবার সরকার মিছিল ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।গতকাল খুব সকালে ছোট ছোট দলে বিক্ষোভকারীরা কায়রো ও সুয়েজ শহরে রাস্তায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। বিক্ষোভকারীরা আশা করছে, আজ শুক্রবার জুমার নামাজের পর বড় ধরনের বিক্ষোভ হবে। এক বিক্ষোভকারী ফেসবুকে লিখেছেন, দুর্নীতি, বেকারত্ব, দমন-পীড়ন ও স্বাধীনতাহীনতার বিরুদ্ধে বিক্ষোভে যোগ দেবে মিসরের মুসলিম-খ্রিষ্টান।বিক্ষোভে নেতৃত্বদানকারীরা ‘এপ্রিল ৬ মুভমেন্ট’ ফেসবুক পেইজে লিখেছেন, ‘কোনো ছুটির দিন নেই, রাজপথের সংগ্রাম চলবেই।’ এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার থেকে এ পর্যন্ত সারা দেশে কমপক্ষে এক হাজার লোক আটক করা হয়েছে।দেশেটির স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলি বলেছেন, দেশে কোনো সমস্যা নেই। সবকিছুই স্থিতিশীল। তবে বিক্ষোভকারীরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। একটি পত্রিকাকে স্বরাষ্ট্রমন্ত্রী আল-আদলি বলেন, ‘মিসরের ব্যবস্থা এতটা ভঙ্গুর নয়। মিসর একটি বড় দেশ। আমাদের প্রশাসনের পক্ষে সমর্থন আছে দেশের বেশির ভাগ মানুষের। কয়েক হাজার বিক্ষোভকারী নয়, দেশের লাখ লাখ মানুষই জাতির ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবে।’এদিকে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাবেক প্রধান মিসরের নাগরিক মোহাম্মদ এলবারাদির গতকাল বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল। গত বছর মিসরে সংস্কার আন্দোলন শুরু করেন ভিয়েনাপ্রবাসী এলবারাদি। বিক্ষোভকারীরা আশা করছে, এলবারাদির প্রত্যাবর্তনে আন্দোলন গতি পাবে। কেননা, বিক্ষোভকারীদের মধ্যে এখন পর্যন্ত নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই। বিশ্লেষকেরা বলছেন, এলবারাদিকে বিদেশে না থেকে দেশে ফিরে রাজপথে সময় দিতে হবে।এলবারাদি বলেছেন, ‘আমি কায়রো ফিরছি, সেখানে রাজপথে নামব।’ এএফপি, রয়টার্স, বিবিসি।