বিক্ষোভে উত্তাল মিসর, নিহত ১

মিসরের উত্তরাঞ্চলীয় জাগাজিগ শহরে গতকাল বৃহস্পতিবার সরকার-সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আহত হয়েছে চারজন। এ ঘটনার পর রাজধানী কায়রোসহ কয়েকটি শহরে সেনা মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার বিবিসির অনলাইন ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। দেশটির ক্ষমতাসীন ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি দাবি করেছে, জাগাজিগ শহরে তাদের প্রাদেশিক কার্যালয়ে গতকাল হামলা চালায় বিরোধীপক্ষ। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। মুরসির ক্ষমতায় থাকা না-থাকা নিয়ে আজ পাল্টাপাল্টি মিছিলের ঘোষণা দিয়েছে সরকার-সমর্থক ও বিরোধীরা।আগামী রোববার মিসরে গণবিক্ষোভ ডেকেছে দেশটির প্রধান বিরোধী জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট। মুরসিবিরোধীরা বলছে, যে লক্ষ্য নিয়ে ২০১১ সালে প্রেসিডেন্ট হোসনি মোবারককে ক্ষমতাচ্যুত করে মুরসিকে ক্ষমতায় বসানো হয়েছিল, সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন তিনি। তাই অবিলম্বে তাঁর পদত্যাগ দাবি করেছে তারা।
গত বুধবার ক্ষমতা গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। তিনি হুঁশিয়ার করেন, চলমান অস্থিরতা দেশকে অচল করে দিতে পারে।