মিসরের রাজধানী কায়রোয় গতকাল শনিবার আবারও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। দেশটিতে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভের সময় গত শুক্রবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহিংসতায় আটজন নিহত হয়। এর প্রতিবাদে গতকাল আবারও বিক্ষোভ হয়। পুলিশ বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে সহিংসতা ছড়িয়ে পড়ে।দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কামাল আল গানজুরি বিক্ষোভকারীদের ‘প্রতি বিপ্লবী’ বলে আখ্যা দিয়েছেন। তাঁর এই মন্তব্য সহিংসতা উসকে দেয় বলে অভিযোগ উঠেছে।‘আরব বসন্তের’ ধাক্কায় গত ফেব্রুয়ারিতে মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতন হলে দেশটির দায়িত্ব গ্রহণ করে সামরিক কাউন্সিল। আগামী বছরের মাঝামাঝি সময়ে ওই কাউন্সিল নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছে। এরই মধ্যে নির্বাচনও শুরু হয়েছে।কিন্তু সামরিক শাসনের প্রতিবাদে শুক্রবার কায়রোয় বিক্ষোভে ফেটে পড়ে জনতা। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহিংসতায় আটজন নিহত ও ২৯৯ জন আহত হয়।গতকাল পার্লামেন্ট ভবনের কাছে বিক্ষোভকারীরা জড়ো হলে পুলিশ তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষে ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর ও পেট্রলবোমা ছোড়ে। নিরাপত্তা বাহিনী জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সহিংসতার একপর্যায়ে কায়রোর প্রাণকেন্দ্র বলে খ্যাত তাহরির স্কয়ারের কাছের দুটি ভবনে আগুন দেওয়া হয়। তাহরির স্কয়ারের ওপরও ধোঁয়া উড়তে দেখা যায়। প্রধানমন্ত্রী গানজুরি গতকাল এক সংবাদ সম্মেলনে বিক্ষোভকারীদের ‘প্রতি বিপ্লবী’ আখ্যা দিয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে শুক্রবার কারও নিহত হওয়ার খবরও অস্বীকার করেন। তিনি দাবি করেন, শুক্রবার বন্দুকযুদ্ধে ১৮ জন আহত হয়েছে। যারা ‘মিসরের ভালো চায় না’ তারাই এই বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আদেল আদাবি বলেন, ‘শুক্রবারের সহিংসতায় নিহতের সংখ্যা আটজনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ২৯৯ জন।’ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আটজন নিহত হওয়ার কথা বলা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে সরকার পরিচালিত দার আল ইফতার জ্যেষ্ঠ কর্মকর্তা ইসলামি আইন ব্যাখ্যাকারী ইমাদ ইফাত রয়েছেন। দার আল ইফতা থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সামরিক কাউন্সিল গত ২৭ নভেম্বর গানজুরিকে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মনোনীত করে। এর পরই দেশটিতে নতুন করে বিক্ষোভ শুরু হয়। এর মধ্যেই ৭ ডিসেম্বর অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। এএফপি, বিবিসি।