বিক্ষোভে বন্দুকধারীদের গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গতকাল শনিবার সকালে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর অজ্ঞাতনামা বন্দুকধারীরা গুলি চালিয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে কাল সোমবার বিরোধীদের ডাকা ‘ব্যাংকক অচল’ কর্মসূচিতে আরও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।
রয়্যাল থাই পুলিশ কর্মকর্তা লে. জেনারেল প্রাউত জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বিক্ষোভকারীদের ওপর প্রথম হামলা চালানো হয়। এতে বিক্ষোভকারীদের নিরাপত্তা রক্ষীসহ অন্তত দুজন আহত হন। এর প্রায় দুই ঘণ্টা পর দ্বিতীয় দফায় চালানো হামলায় আহত হন আরও পাঁচজন।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার তাৎক্ষণিক পদত্যাগের দাবিতে ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন প্রতিহতের লক্ষ্যে ব্যাংককে বিক্ষোভ চলছে। কয়েক সপ্তাহের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত আটজন নিহত হন। সরকার আশঙ্কা করছে, সামনের দিনগুলো আরও সহিংস হয়ে উঠতে পারে।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার রাতে রাজধানীর ৩৭টি স্থানে সেনা মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক হাজার পুলিশ মোতায়েন রয়েছে।
সংঘাতের আশঙ্কার মধ্যে থাইল্যান্ডের সেনাপ্রধান জেনারেল প্রায়ুত চান-ও-চা গতকাল সাংবাদিকদের বলেন, ‘অনেক মানুষ আসবেন। তাঁদের নিরাপত্তার ব্যাপারে আমি শঙ্কিত। কারণ এর আগেও বিক্ষোভ কর্মসূচি চলাকালে পৃথক সংঘাত হয়েছে।’
আগামী দিনে পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশঙ্কা প্রকাশ করে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
থাইল্যান্ডে বর্তমান পরিস্থিতিতে সেনা অভ্যুত্থান ঘটতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ১৯৩২ সাল থেকে দেশটিতে অন্তত ১৮ সেনা অভ্যুত্থান কিংবা অভ্যুত্থানের চেষ্টা করা হয়।
ইংলাকের বড় ভাই ধনকুবের থাকসিন সিনাওয়াত্রা ২০০৬ সালে এক অভুত্থানে ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে দেশটিতে তাঁর অনুসারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকবার সংঘাত হয়েছে। ২০১০ সালে থাকসিন সিনাওয়াত্রাপন্থীদের সঙ্গে সেনাবাহিনীর রক্তাক্ত সংঘাতের পর বর্তমানে সবচেয়ে বড় গণআন্দোলন চলছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, ইংলাক তাঁর ভাই থাকসিনের হাতের পুতুল। থাকসিনের প্রভাবমুক্ত নির্বাচনী প্রক্রিয়ার সংস্কারের জন্য ইংলাককে পদত্যাগ করতেই হবে। তাঁকে অনির্বাচিত পিপলস কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
কিন্তু ইংলাকের পুয়ে থাই পার্টি আশা করছে, ২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আগামী নির্বাচনে আবারও তাদের জয় হবে।
যদিও গতকাল থাইল্যান্ডের নির্বাচন কমিশন (ইসি) আসন্ন নির্বাচন মে মাস পর্যন্ত বন্ধ রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ইসির মুখপাত্র সোমচাই শ্রীসুত্থিয়াকরণ বলেন, ‘নির্বাচনী বুথে কাজ করার জন্য আমরা প্রয়োজনীয় সংখ্যক লোকবল পাব না। কারণ রাজনৈতিক উত্তেজনার মুখে পরিবারের লোকজন তাঁদের ভোটের দায়িত্ব পালন না করার জন্য চাপ দিচ্ছেন।’
এদিকে রেড শার্ট হিসেবে পরিচিত থাকসিনপন্থীরা পূর্বঘোষিত সময় নির্বাচন করতে নির্বাচন কমিশন (ইসি) ও সেনাবাহিনীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তা না হলে, তাঁরাও বিক্ষোভের ডাক দেবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এএফপি।