বিক্ষোভের মধ্যে দেশে ফিরছেন এরদোয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশে ফেরার প্রাক্কালে গত বুধবারও রাতভর পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা এরদোয়ানের পদত্যাগ দাবি করেছেন। চার দিনের জন্য উত্তর আফ্রিকা সফরে গিয়েছিলেন এরদোয়ান।

 কয়েক দিন দেশে না থাকলেও প্রধানমন্ত্রী এরদোয়ান বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। নিজের ইসলামপন্থী দল একেপির রক্ষণশীল নীতির বিরুদ্ধে প্রতিবাদরত বিক্ষোভকারীদের ‘চরমপন্থী’ আখ্যা দিয়ে এরদোয়ান বলেন, তাঁর দেশে ফেরার আগেই পরিস্থিতি শান্ত হয়ে যাবে। সফরের শেষ গন্তব্য তিউনিসিয়া থেকে গতকাল সন্ধ্যায়ই দেশে ফেরার কথা প্রধানমন্ত্রীর। তবে এর সুনির্দিষ্ট সময় এবং কোন বিমানবন্দরে তিনি অবতরণ করবেন—তা নিশ্চিত করা হয়নি।

আন্দোলনকারীদের ওপর পুলিশের ‘বর্বরোচিত’ হামলার জন্য প্রধানমন্ত্রী এরদোয়ানকে ক্ষমা চাইতে হবে বলে বিক্ষোভকারীরা দাবি জানিয়েছেন। একই সঙ্গে যেসব কর্মকর্তা পুলিশকে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন তাঁদের বরখাস্ত করারও দাবি জানানো হয়েছে। এএফপি ও রয়টার্স।